২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক বিএনপির সম্মেলন স্থগিত, নেতাকর্মীদের ক্ষোভ

দলীয় কোন্দলের জেরে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে। সম্মেলনের দুই দিন আগে বৃহস্পতিবার এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সম্ভাব্য পদপ্রত্যাশীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 01:07 AM

Updated : 11 Oct 2022, 08:36 PM

একদল ক্ষুব্ধ নেতাকর্মীর অভিযোগ, একাধিক নেতাকর্মীকে বড় পদ বসানোর লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছিলেন সম্মেলন দেখভালের দায়িত্ব পাওয়া দলের আন্তর্জাতিক সম্পাদক এহছানুল হক মিলন। সে কারণেই পদপ্রত্যাশীদের বিরোধ মাথাচাড়া দিয়ে উঠে। শেষ মুহূর্তে দলের উপরের মহলের নির্দেশে সম্মেলন স্থগিত করতে বাধ্য হন তিনি।

Image
নিউইয়র্ক: স্টেট বিএনপির নির্বাচনে মনোনয়নপত্র পেশ করছেন ‘পারভেজ-লিটু’ প্যানেলের প্রার্থীরা।

নিউইয়র্ক: স্টেট বিএনপির নির্বাচনে মনোনয়নপত্র পেশ করছেন ‘পারভেজ-লিটু’ প্যানেলের প্রার্থীরা।

শনিবার নিউ ইয়র্ক স্টেট বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল। সম্মেলন সামনে রেখে মাথাপিছু এক ডলার চাঁদার বিনিময়ে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সদস্যপদ গ্রহণ করেন ২৩শ’ নেতাকর্মী। এমনি অবস্থায় বৃহস্পতিবার দুপুরে এসএমএস এর মাধ্যমে সম্মেলন অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ১৩ অগাস্টের সম্মেলন ‘অনিবার্য কারণবশত আপাতত স্থগিত’র বার্তা পাঠান মিলন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্দিষ্ট অর্থের বিনিময়ে মনোনয়নপত্র ক্রয় করেন প্রার্থীরা। দুটি প্যানেল মনোনয়নপত্র জমাও দেয়।

বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পারভেজ সাজ্জাদ (সভাপতি প্রার্থী) ও মতিউর রহমান লিটুর (সাধারণ সম্পাদক প্রার্থী) নেতৃত্বাধীন প্যানেলের সবাই তাদের মনোনয়ন পদ প্রত্যাহার করেছিলেন বলে প্রধান নির্বাচন কমিশনার এম আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

Image
নিউইয়র্ক: স্টেট বিএনপির নির্বাচনে মনোনয়নপত্র পেশ করার পর ‘পারভেজ-লিটু’ এবং ‘নান্নু-বাতিন’ প্যানেলের প্রার্থীরা।

নিউইয়র্ক: স্টেট বিএনপির নির্বাচনে মনোনয়নপত্র পেশ করার পর ‘পারভেজ-লিটু’ এবং ‘নান্নু-বাতিন’ প্যানেলের প্রার্থীরা।

তবে মিলনের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব গিয়াস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কাজ করছেন বলে আমরা মিলনের পাশে দাঁড়িয়েছিলাম। সবকিছু ঠিকমতই এগুচ্ছিল। শেষ মুহূর্তে তিনি সম্মেলন স্থগিতের ঘোষণা দেওয়ায় আমরা হতভম্ব হয়েছি।”

হঠাৎ করে কেন সম্মেলন স্থগিত করা হলো- তা জানতে মিলনকে কয়েক দফায় টেলিফোনে চেষ্টা করা হলেও বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তাকে পাওয়া যায়নি।