তারেকের সাজা প্রত্যাহার দাবি কাতার বিএনপির
মুদ্রা পাচার মামলায় বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া উচ্চ আদালতের সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপির কাতার শাখা।
বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহায় জেদিদ ঢাকা রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানান বিএনপির কাতার প্রবাসী নেতাকর্মীরা।
গত ২১ জুলাই মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিবাদ সভায় কাতার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলায় এমন রায় দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার করা না হলে প্রবাস থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভায় বিএনপি নেতা শেখ হুমায়ূন কবির, কাসেম পারভেজ, সোলেমান গনি, নুরুল আমিন, মুকসুদ আহমেদ লেবু, সাইফুল ইসলাম রুমান, নূরে আলম জিকু ও মো. সোহেল বক্তব্য রাখেন।
