২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বাংলাদেশি সবজির চাহিদা মেটাচ্ছে ইতালি

যুক্তরাজ‌্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ‌্যে দেশি সবজির এক বড় অংশ যোগান দেওয়া হচ্ছে ইতালি থেকে।

সৈয়দ নাহাস পাশা

রোম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 03:21 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

ইতালির টেরাসিনা, লাটিনাসহ কয়েকটি শহরে গড়ে উঠেছে লাউ, সিম, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, কাঁচা মরিচসহ বাংলাদেশি শাক-সবজির খামার। এসব খামারের সবজিই পৌঁছে যাচ্ছে যুক্তরাজ্যে প্রাবাসী বাঙালিদের রান্নাঘরে।

ইতালির টেরাসিনার ২৪ একর জায়গাজুড়ে সবজি চাষ করছেন দেলাওয়ার হোসেন। তার কৃষি খামারে কর্মচারিদের মধ্যে আছেন ১৪-১৫ জন বাংলাদেশি, বাকিরা ইতালিসহ অন্যান্য দেশের।

দেলাওয়ার জানালেন, এখানকার সবজির ভালো চাহিদা রয়েছে যুক্তরাজ্যে।

রোম থেকে শ’খানেক মাইল দূরে টেরাসিনা ও লাটিনা শহরে আরও কয়েকটি বাংলাদেশি শাক-সবজির খামার রয়েছে বলে জানান তিনি।

“শহর দুটোর আবহাওয়া আমাদের দেশের সবজি চাষের জন্য বেশ উপযোগী। তাই এসব খামারে বছরের নয় মাসই কাজ হয়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আবহাওয়া ঠাণ্ড থাকায় চাষ কম হয়। অনেকে অবশ্য ওই সময় গ্লাস হাউজে সবজি চাষ করেন।”

এসব সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যুক্তরাজ্যে রপ্তানি করে ‘ভালো লাভ হচ্ছে’ বলে মন্তব্য তার।

ইতালিতে যে সবজির দাম কেজিপ্রতি ৮০ সেন্ট, সেটি যুক্তরাজ্যে পাঁচ পাউন্ড বলে জানান তিনি।

এসব কারণে ইতালি থেকে যুক্তরাজ্যে বাংলাদেশি সবজি রপ্তানি বাড়ছে জানিয়ে এ ব্যবসায়ী বলেন, “বাংলাদেশি অভিবাসী ছাড়াও যুক্তরাজ্যের স্থানীয় কাছেও এসব সবজির চাহিদা বাড়ছে। আপাতত এজেন্টদের মাধ্যমে সরবরাহ করছি; ভবিষ্যতে নিজেই সরবরাহ করব, তখন গ্রাহকরা আরও সস্তায় পণ্য পাবেন।”

দেলাওয়ারের খামার থেকে সপ্তাহে অন্তত ১০ টন সবজি যুক্তরাজ্যে যায়, স্বাদে-গন্ধে যা বাংলাদেশের সবজির মতোই বলে জানান তিনি।

বাংলাদেশ থেকে অল্প পরিমাণে সবজি আমদানি হলেও দাম বেশি হওয়ায় চাহিদা কম জানিয়ে রোমে বাংলাদেশি ব‌্যবসায়ী বিপ্লব বলেন, এসব সবজির কিছু যুক্তরাজ্যে রফতানির চেষ্টা করা হয়। কিন্তু দাম পড়ে অনেক।”

রোমের ঢারমিনি স্টেশনের পাশের একটি বিপণীবিতানে বিপ্লবের কাঁচা পণ‌্য মুদিমালের দোকান।

বাংলাদেশ থেকে আসা শাক সসবজিতে ‘ফরমালিন’ থাকার আশঙ্কাও ব্যবসার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন রোমের বাঙালি কমিউনিটির নেতা ওলি উদ্দিন শামীম।

তিনি বলেন, থাইল্যান্ড, কেনিয়া, জর্ডানের মত দেশগুলো এই সুযোগ কাজে লাগিয়ে ওই বাজার (যুক্তরাজ‌্য) দখল করছে; এর বাইরে আছে ইতালিতে চাষ করা শাক সবজি।

ইতালিতে স্থানীয়ভাবেও বাংলাদেশি সবজির চাহিদা রয়েছে বলে জানান শামীম। যদিও বাংলাদেশ থেকে সবজি আমদানির ক্ষেত্রে ‘সরাসরি বিমান’ না থাকাকে দায়ী করেন তিনি।

“রোমে বাংলাদেশ বিমানের সরাসরি কোনো ফ্লাইট নেই। ফলে বাংলাদেশ থেকে আমদানি করা সবজির দাম বেশি পড়ে। তাই স্থানীয়ভাবে চাষ করা সবজির প্রতিই এখানকার ব্যবসায়ীদের আগ্রহ বেশি।”