তারেকের সাজার প্রতিবাদে ওয়াশিংটনে বিএনপির বিক্ষোভ
মুদ্রা পাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ওয়াশিংটন বিএনপি।
রোববার ভার্জিনিয়ার উডব্রিজ এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তারেকসহ বিএনপির সব নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সমাবেশে ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক এ জে এম হোসাইন বলেন, ‘রাজনৈতিক প্রভাবে’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই হাই কোর্ট মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়।
সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাতবছরের কারাদণ্ডও বহাল রাখা হয়। তবে তাকে বিচারিক আদালতের দেওয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড পরিবর্তন করে ২০ কোটি টাকা করা হয়েছে।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।
খালেদা জিয়ার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এ জে এম হোসাইন বলেন “অবৈধ হাসিনা সরকার আদালতকে প্রভাবিত করে অন্যায়ভাবে তারেক রহমানকে সাত বছরের জেল দিয়েছে। জনপ্রিয় এ নেতাকে নির্বাচনের বাইরে রাখতেই এ সাজানো রায়।”
বাংলাদেশের মানুষ তারেকের বিরুদ্ধে রায় ‘মানেনি’ মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াশিংটন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন।
তিনি আওয়ামী লীগের ‘দমন-পীড়নের নানা উদাহরণ’ মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউজকে অবহিত করা হচ্ছে বলে সমাবেশে জানান।
বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রয়োজন বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।
তিনি বলেন, “এ সরকারকে দিয়ে জঙ্গি নির্মূল সম্ভব হবে না। কেবলমাত্র গণতান্ত্রিক কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেই বাংলাদেশকে জঙ্গিমুক্ত করা সহজ হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন কাজী এম রহমান, মাসুদুর রহমান, মিয়া মজনু, তারিকুল ইসলাম অশ্রু, তৌহিদুল ইসলাম তুহিন, নাজমুল হক কামাল, মো. শাহরিয়ার রহমান, ইউসুফ ওয়াহিদ, আবদুস সালাম মৃধা, ফারুক হোসাইন, মো. শাহরিযার, জিনাত উল্লাহ, ফিরোজ আলম, বেলাল হোসেন, রাসেল আহমেদ, জাকির আহমেদ, মুনির হোসেন, আবদুস সবুর জুয়েল, তৈয়ব হোসাইন, ইকবাল হাসান, রেজা রহমান, আলমাজ রাজু, আল আমীন।
