১ ডলারে নিউ ইয়র্কে বিএনপির সদস্যপদ নিলেন ২৩০০ জন
এক পক্ষের বর্জনের মধ্যেই এক ডলার চাঁদা দিয়ে বিএনপির সদস্যপদ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ২৩০০ জন প্রবাসী বাংলাদেশি।
নিউ ইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযানের রোববার ছিল শেষ দিন।
কাউন্সিল আয়োজনে মনোনীত প্রধান নির্বাচন কমিশনার এম আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রথম বিএনপির নেতা-কর্মীরা নগদ অর্থের বিনিময়ে সদস্যপদ গ্রহণ করলেন এবং এদের অংশগ্রহণেই ১৩ অগাস্ট কাউন্সিল হবে।”
তারেক রহমানের নির্দেশনায় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহছানুল হক মিলনের সার্বিক তত্ত্বাবধানে নিউ ইয়র্ক রাজ্য বিএনপির কমিটি গঠনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যারা চাঁদা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করে সদস্যপদ নিয়েছেন, তারাই কাউন্সিলর হিসেবে বিবেচনা করা হবে।
কাউন্সিল উপলক্ষে গঠিত শতাধিক সদস্যের ‘স্টিয়ারিং কমিটি’র সদস্য-সচিব গিয়াস আহমেদ বলেন, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী গঠনতান্ত্রিক রীতি অনুযায়ী নিউ ইয়র্ক স্টেট কমিটি গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যারা গণতান্ত্রিক ব্যবস্থা মানতে চায় না, তারাই বিরোধিতা করছেন।”
কাউন্সিলের বিরোধিতাকারী নেতাদের বৈঠক
তবে গিয়াস বলেন, “আমি ব্যক্তিগতভাবে সকলকেই বারবার আহ্বান জানিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাসী নন, তারাই সদস্যপদ গ্রহণ করছেন না।”
নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় সমর্থন দিচ্ছেন অধ্যাপক দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ সম্রাট, সোলায়মান ভূইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, কাজী আজহারুল হক মিলন, মঞ্জুর চৌধুরী, পারভেজ সাজ্জাদ, এম এ সবুর, এম এ বাতিন, গোলাম ফারুক শাহীন, মাজহারুল ইসলাম জনি।
অন্য অংশের নেতাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক রাজ্য বিএনপির বর্তমান সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান, মজিবর রহমান মজুমদার, ইলিয়াস মাস্টার, জিল্লুর রহমান, জসীম ভূইয়া, হেলালউদ্দিন, ফিরোজ আলম, সাইফুল খান আরিফ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, আলম মৃধা, আশরাফ হোসেন।
অলিউল্লাহ আতিকুর বলেন, “তারেক রহমানের দোহাই দিয়ে কেউ কেউ দুর্দিনের পরীক্ষিত নেতা-কর্মীদের নিষ্ক্রিয় করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। একইসাথে কাউন্সিল অধিবেশনের নাটক মঞ্চস্থ করে নিজেদের পকেট ভারী করার পন্থাও অবলম্বন করা হয়েছে।”
“নিউ ইয়র্ক সিটিসহ সমগ্র রাজ্যে বিএনপির সদস্য হওয়ার মতো আগ্রহী রয়েছে ৬/৭ হাজার প্রবাসীর। সেক্ষেত্রে মাত্র ২৩০০ জন ফরম পূরণ করায় মনে করতে হবে, অধিকাংশই বর্জন করেছেন,” বলেন তিনি।
সম্মেলন আয়োজনকারীদের উদ্দেশে অলিউল্লাহ আতিকুর বলেন, “সকলকে নিয়ে সম্মেলনের প্রক্রিয়া করুন। অন্যথায় আমরা একইদিন পাল্টা সম্মেলনের মধ্য দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করতে বাধ্য হব।”
