প্রবাস-প্রজন্মে শহীদ জননীর জীবনী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বোস্টনে এক আলোচনায় তার জীবন সম্পর্কে প্রবাস প্রজন্মকে অবহিত এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রচনার আহ্বান জানালেন বক্তারা।
শনিবার বোস্টনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইংল্যান্ড শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. বামন দাসগুপ্ত।
আলোচনায় অংশ নেন ‘আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি’ গ্রন্থের রচয়িতা ও নিউজার্সির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, বিজ্ঞানী জিনাত নবী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ গণি ও সুহাষ বড়ুয়া, কবি বদিউজ্জামান নাসিম, অর্থনীতিবিদ শিবলী সাদিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. নবী বলেন, “জাহানারা ইমামের দেশাত্মবোধ কতটা গভীর ছিল, সে ইতিহাস প্রবাস প্রজন্মকে জানাতে হবে সবিস্তারে। তার সম্পর্কে মানুষ যত জানবে, ততই উজ্জ্বল হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস।”
সভাপতির বক্তব্যে বামন দাসগুপ্ত বলেন, নতুন প্রজন্মের সন্ত্রাসবাদে সম্পৃক্ত হওয়াটা উদ্বেগজনক। এমন পরিস্থিতির অবসানে প্রতিটি অভিভাবককে সজাগ থাকতে হবে।
“ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে- সব নখদর্পনে রাখতে হবে। সময় থাকতেই পদক্ষেপ না নিলে ওদের ফেরানো কঠিন হয়ে পড়বে।
“আইন করে কিছু করা সম্ভব হবে না। প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জঙ্গিবাদ কোনো ধর্মই সমর্থন করে না- এটি ওদেরকে জানাতে হবে।”
