জঙ্গি দমনে সরকারের ডাকে সাড়া নেই: কংগ্রেসম্যানকে মিলন
যুক্তরাষ্ট্র সফররত বিএনপি নেতা এহসানুল হক মিলন দেশটির একজন কংগ্রেসম্যানকে বলেছেন, বাংলাদেশে জঙ্গি দমনে সরকারের আহ্বানে জনগণ সাড়া দিচ্ছে না।
নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, “বর্তমানে সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক ভালো নেই।”
বৃহস্পতিবার বিকালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সিনেটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এড্রিয়েন এডামসের নির্বাচনী প্রচার সমাবেশ চলাকালে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের সঙ্গে সাক্ষাৎ করেন মিলন।
‘বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না থাকায় জঙ্গিবাদের উত্থান ঘটছে’ বলে যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস সদস্যকে বলেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত সরকার’ আখ্যা দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, “জঙ্গিবাদ নির্মূলে সরকারের আহ্বানে মানুষ সাড়া দিচ্ছে না। কারণ এ সরকারের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই।”
তার কাছ থেকে এসব শুনে কংগ্রেসম্যান ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ নিয়ে কথা বলবেন বলে তাকে আশ্বস্ত করেন।
তিনি বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনার সরকারের গৃহীত পদক্ষেপ কতটা কার্যকর সে সম্পর্কে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলব। কারণ এটি সময়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না।”
এ অনুষ্ঠানে মিলনসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদকে আমন্ত্রণ জানিয়েছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ’ মোহাম্মদ আমিনুল্লাহ।
অনুষ্ঠানে কুইন্স বরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজসহ অঙ্গরাজ্য পার্লামেন্ট ও সিটি কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও ছিলেন।
