বিশ্বকাপ ফুটবল সামনে রেখে শ্রম আইনে পরিবর্তন আনছে কাতার
২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন সামনে রেখে দেশের শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন আনছে কাতার।
এরইমধ্যে প্রস্তাবিত আইনের খসড়া অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
প্রস্তাবিত আইনে বিদেশি শ্রমিকরা একটি চুক্তিনামার ভিত্তিতে দুই পক্ষের সুস্পষ্ট সম্মতিতেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চাকরি করতে পারবেন। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে মালিকপক্ষের অনুমতির দরকার হবে না।
‘কফিল’ বা ‘কফালা’ শব্দের বদলে চাকরিদাতা এবং কর্মকর্তা বা কর্মচারী শব্দের ব্যবহারের নির্দেশনা রয়েছে।
খসড়া আইনে খুরুজ বা এক্সিট পারমিট সিসটেম বাতিল না করে একটি নতুন নিয়ম করা হচ্ছে। সেই নিয়মের অধীনে যদি কোনো চাকরিদাতা তার অধীনস্তকে এক্সিট তথা দেশের বাহিরে যেতে দিতে না চান, তাহলে তার সফরের তারিখের অন্তত তিনদিন আগে পরামর্শক পর্ষদকে অবগত করতে হবে। চাকরিদাতা তার কর্মকর্তা বা কর্মচারীর বিদেশ ভ্রমণ বন্ধ রাখতে পারবেন না। বরং তিনি তার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউশনে অভিযোগ করতে পারবেন।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। এ উপলক্ষে দেশটিতে চলছে বিশাল নির্মাণযজ্ঞ। ২০১৩ সালে কাতারে বিদেশি কর্মীদের জীবনধারা নিয়ে প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছিল, দেশটিতে নির্বিচারে শ্রমশোষণ চলে। আধুনিক দাস হিসেবেও উল্লেখ করা হয়েছিল বিদেশিকর্মীদের।
মূলত এরপর থেকে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়ে কাতার সরকার। ফুটবলের বিশ্ব সংস্থা ফিফাও নড়েচড়ে বসে।
সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজেদের শ্রম আইনে এই সংশোধনী আনতে যাচ্ছে কাতার সরকার।
আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো শ্রমিকের নিয়োগদাতা যদি মারা যায় বা ওই প্রতিষ্ঠান যদি বিলুপ্ত হয়ে যায় তবে সেই প্রবাসী শ্রমিক শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করে নতুন নিয়োগদাতার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে। পূর্ব অনুমতি ছাড়া কোনো নিয়োগদাতা যদি তার কোনো কর্মী বা শ্রমিককে অন্য কারো কাজে লাগায় তাহলে সেই নিয়োগদাতার ৫০ হাজার রিয়াল জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
কোনো নিয়োগদাতা যদি কোনো শ্রমিকের পাসপোর্ট নিজের কাছে রাখে তার জন্য ১০ হাজার রিয়াল থেকে ২৫ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বলা হয়েছে।
গত বছর ১০ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত স্পন্সর চেঞ্জ আইন-এর অনুমোদন দেয় কাতারের মন্ত্রিসভা। গত বছর ১৪ ডিসেম্বর তা অফিসিয়াল গেজেট আকারে প্রকাশ করা হয়।
গেজেটে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর আইনটি কার্যকর হবে বলে বলা হলেও তার দুই মাস আগে অক্টোবর থেকেই সেটি কার্যকর হতে যাচ্ছে বলে কাতার সরকার জানিয়েছে।
অক্টোবরে শ্রম আইন কার্যকর হওয়ার পর কাতার ছেড়ে যাওয়া বা আবার নতুন করে কাতারে প্রবেশে দুই বছরের নিষেধাজ্ঞা উঠে যাবে। অক্টোবর থেকে কেউ কাতার ছেড়ে গেলে, পরের দিন নতুন ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
নতুন আইন কার্যকরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে কাতারের মিনিস্ট্রি অব অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট ও লেবার অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স । তারই অংশ হিসেবে নতুন চুক্তিনামা একটি ইলেকট্রনিক ফরমে সাজানো হয়েছে।
নতুন আইন কার্যকর হওয়ার আগে তা কীভাবে বাস্তবায়িত হবে তা শ্রম মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তারা ব্যাখ্যা করবেন বলে জানা গেছে।
আইনে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে কী বলা হয়েছে, তা অবগত করার জন্য শ্রম মন্ত্রণালয় গণসচেতনতামূলক প্রচারণা চালাবে।
