শোক দিবসে নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সশস্ত্র অভিবাদন জানাবেন মুক্তিযোদ্ধারা
বাংলাদেশের জাতীয় শোক দিবস ১৫ অগাস্ট নিউ ইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সশস্ত্র অভিবাদন (গার্ড অব অনার) জানাবেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতার মৃত্যুবার্ষিকীতে ‘বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু’ শিরোনামে মুক্ত আলোচনার মধ্য দিয়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ‘ডাইভার্সিটি প্লাজা'য় এ দিনের কর্মসূচি শুরু হবে।
প্রবাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। অনুষ্ঠিত হবে সর্বধর্মীয় প্রার্থনা।
‘সর্বজনীন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি'র ব্যানারে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। ২০১ সদস্যের এই কমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী এবং কমিটির সদস্য সচিব করা হয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরীকে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আওয়ামী লীগ নেতা ড. খন্দকার মনসুর। অপর যুগ্ম আহ্বায়করা হলেন- মুক্তিযোদ্ধা ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল এবং বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল আলোচনা শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তা চলবে রাত ১০টা পর্যন্ত। এই কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে।
