২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে অটিস্টিকদের তহবিল তসরুপে আটক ৩

প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণের লক্ষ্যে গঠিত নিউ ইয়র্কের একটি অলাভজনক সংস্থার তহবিল ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যবহারের অভিযোগে সংস্থাটির নির্বাহী পরিচালকসহ  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

এরা হলেন- নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের লিংব্রুকে অবস্থিত ‘হিউম্যান ফার্স্ট ইনক’র নির্বাহী কর্মকর্তা ওয়াফা আবুদ (৪৮) এবং তার বান্ধবী মারশেলি বেইলি (৪৯) ও  মিসবাহ তাহা (৩৯)। তাদের বিরুদ্ধে পারস্পারিক যোগসাজশের মাধ্যমে ওই সংস্থা থেকে প্রায় ২০ লাখ ডলার ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে এ নিয়ে দায়ের করা মামলায় ওয়াফার বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণারও অভিযোগ আনা হয়েছে।

ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নি রোবার্ট এল ক্যাপার্স  মামলার বরাত দিয়ে বলেন, নিউ ইয়র্ক সিটি এবং এর আশপাশের মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিউম্যান ফার্স্ট ইনক’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনকালে ওয়াফা আবুদ নিজের সাজ-সজ্জা, স্বর্ণালঙ্কার, সপরিবারে অবকাশ যাপন, বিদেশ ভ্রমণ, এমনকি ‘রূপ-লাবণ্য’ অটুট  রাখতে প্লাস্টিক সার্জারির বিলও দিয়েছেন এই সংস্থার তহবিল থেকে।

তিনি ক্রেডিট কার্ডের বিপুল পরিমাণ বকেয়া বিলও এই সংস্থার ব্যাংক একাউন্ট থেকে পরিশোধ করেন। এছাড়া লং আইল্যান্ডের মেরিক সিটিতে একটি বাড়ি কেনার ডাউন পেমেন্ট বাবদ ৩ লাখ ৪০ হাজার ডলার দেন সেবামূলক এই সংস্থা থেকে।

২০১১ সালের জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত এসব অনিয়ম হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, এফবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তে দেখা গেছে, ‘হিউম্যান ফার্স্ট’র জন্য পরামর্শ গ্রহণের অজুহাতে ওয়াফার ঘনিষ্ঠ বান্ধবী মারশেলি বেইলির নেতৃত্বাধীন পরামর্শক প্রতিষ্ঠান ‘এমপিবি ম্যানেজমেন্ট’র একাউন্টে ৯ লাখ ডলার স্থানান্তর করা হয়। ওয়াফার ব্যক্তিগত ক্রেডিট কার্ডের এক লাখ ১৪ হাজার ডলারের বিলও সংস্থার একাউন্ট থেকে পরিশোধ করা হয়।

ইউএস অ্যাটর্নি বলেন, ২০১৪ সালে মেরিক সিটিতে বাড়ি কেনার সময় ডাউন পেমেন্ট হিসেবে ওই টাকা দেওয়ার পরের বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ‘হিউম্যান ফার্স্ট’র মালিকানাধীন বাড়ি সংস্কারের কথা বলে ৪ লাখ ডলার ব্যাংক থেকে তোলা হয়। পরে তদন্তে দেখা যায়, পুরো অর্থই ওয়াফার নিজের বাড়ি সংস্কারের জন্য ব্যয় করা হয়েছে।

এ বিষয়ে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারমেন বলেন, “দুঃস্থ ও অসহায় মানুষদের কল্যাণের জন্যে সংগৃহীত অর্থ এভাবে বেহাত হয়ে যাওয়ার ঘটনা সত্যি দুঃখজনক। এ অপকর্মের পরিপ্রেক্ষিতে সেবামূলক কর্মকাণ্ডে অর্থ সহায়তাকারী হতাশ হয়ে পড়তে পারেন।

“এ মামলার মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকলের কাছে এ বার্তা দেওয়া হচ্ছে যে,  অন্যায় করে কখনোই রেহাই পাওয়া যাবে না কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকেও ফাঁকি দেওয়া সম্ভব নয়।”

অভিযোগ প্রমাণিত হলে আসামিদের প্রত্যেকের সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ওয়াফার বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আরও ৩০ বছর দণ্ড হতে পারে।