২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোবানা সম্মেলনের সাফল্য চেয়ে হাসিনা-ওবামার বার্তা

ফেডারেশন অফ বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের সাফল্য কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 12:34 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

গত সপ্তাহে সম্মেলন প্রস্তুতি কমিটির কাছে দুই নেতার বার্তা পৌঁছায় বলে আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন, ৩০ বছর ধরে ফোবানা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তি সংগ্রামের ইতিহাস উত্তর আমেরিকাজুড়ে প্রচার করে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রবাসী তরুণদের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সামাজিক কার্যক্রমে উৎসাহিত করছে।

“তিনি (প্রধানমন্ত্রী) ফোবানা সম্মেলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বলেন, উত্তর আমেরিকায় ফোবানার কার্যক্রম বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জল করবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার বার্তায় আমেরিকার ‘সমৃদ্ধ ইতিহাস উদযাপনে’ ফোবানার গুরুত্ব তুলে ধরেন।

“ওবামা তার বার্তায় বলেন, ফোবানার মতো সংগঠনগুলো আমেরিকারর সমৃদ্ধ ইতিহাস উদযাপনে সহযোগিতা করছে। সংগঠনগুলোর কার্যক্রম ব্যক্তিকে তার শেকড়ের বাঁধনে বেঁধে রাখে,” বলেন মোহাম্মদ আলমগীর।

তিনি জানান, ভার্জিনিয়ার গভর্নর টেরি ম্যাকওলিফ, সিনেটর মার্ক রবার্ট ওয়ার্নার, বিল নেলসন ও মার্ক রুবি সম্মেলনের সাফল্য কামনা করে বার্তা দিয়েছেন।

আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনের পেন্টাগন শেরাটন হোটেলের বলরুমে ফোবানার ৩০তম সম্মেলন শুরু হবে। সম্মেলন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে আয়োজক কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক শিব্বির আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, “সম্মেলনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ বাঙালি সংস্কৃতির কথা তুলে ধরা হবে। এজন্য প্রথমবারের মত বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হয়েছে। এই প্যারেড বাংলা আর বাঙালির ইতিহাস সামনে তুলে ধরবে।”