লন্ডনে বর্ণাঢ্য বৈশাখী মেলা
যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে চলছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা।
রোববার পূর্ব লন্ডনের বাংলা টাউনের নিকটবর্তী উইভার্স ফিল্ডসে এবারের মেলার আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ। স্থানীয় সময় বেলা ১১টায় ব্রিকলেন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মেলার কার্যক্রম।
মেলাকে পরিবারবান্ধব করে বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচয়ে করিয়ে দিতে রয়েছে মেহেদি রাঙানো, মুখচিত্র, আল্পনা, বিভিন্ন প্রদর্শনী, গল্প ও কবিতা পাঠের আসর, খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের জন্য ‘ফান ফেয়ার’।
মেলার মূল মঞ্চে সঙ্গীত পরিবেশনে বাংলাদেশের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু ও হাবিব ওয়াহিদের সঙ্গে রয়েছেন স্থানীয় শিল্পীরা।
এছাড়া মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে নৃত্য, সঙ্গীত ও ফ্যাশন শো পরিবেশন রয়েছে।
মেলায় নিরাপত্তার জন্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস জানিয়েছেন। মেলা সফল করার জন্য কমিউনিটির সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আবহাওয়াগত কারণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার লন্ডনে এই মেলা হলেও এবার প্রথমবারের মতো জুলাই মাসের শেষ দিনে হচ্ছে।
এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, রোজাসহ নানা কারণে এবার নির্ধারিত সময়ের পরে মেলার আয়োজন করা হয়েছে।
লন্ডনে বৈশাখী মেলা বড় আয়োজনে উদযাপন শরু হয় প্রায় দুই যুগ আগে পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেনে। প্রতি বছর এই মেলায় সারাদেশ থেকে ৭০ থেকে ৮০ হাজার মানুষের সমাগম হয়।
কোনো সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক তত্ত্বাবধানে অথবা আংশিক সহযোগিতায়, আবার কোনো সময় একটি মেলা কমিটি অথবা বৈশাখী মেলা ট্রাস্টি নামের একটি প্রাইভেট কোম্পানির উদ্যোগে মেলা পরিচালিত হয়েছে।
গত এক দশক ধরে টাওয়ার হ্যামলেটসে মেলা পরিচালনা নিয়ে কমিউনিটিতে নানা দলাদলি এবং সবশেষ মেলা অনুষ্ঠানের স্থান পরিবর্তন একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়।
কয়েক বছর ধরে কাউন্সিলের কর্তৃত্বে মেলা পরিচালিত হওয়ার পর সাবেক মেয়র লুৎফর রহমানের আমলে মেলা বাংলা টাউন থেকে সরিয়ে বারার এক প্রান্তে অবস্থিত ভিক্টোরিয়া পার্কে স্থানান্তর করা হলে কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিশেষ করে ব্রিকলেন ও বাংলা টাউনের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ার অভিযোগ করেন।
ওই সময় মেলা পরিচালনার জন্য আবার দায়িত্ব পায় প্রাইভেট কোম্পানি বৈশাখী মেলা ট্রাস্ট। মেয়র জন বিগস টাওয়ার হ্যামলেটসের দায়িত্ব গ্রহণের পরে তিন বছর পরে আবার বৈশাখী মেলা বাংলাটাউন ও ইউভার্স ফিল্ডে ফিরিয়ি এনেছেন। মেলা পরিচালনার পুরো দায়িত্বও নিয়েছে কাউন্সিল কর্তৃপক্ষ।
তবে মেলা বাংলা টাউন ফিরিয়ে আনায় যেমন সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন বেশিরভাগ বাঙালি তেমনি কিছু স্থানীয় বাসিন্দা সংবাদ সম্মেলন করে ‘অসামাজিক কার্যকলাপ’ বেড়ে যাওয়ার অভিযোগ করে এর বিরোধিতা করেন।
এ প্রেক্ষাপটে মেয়র জন বিগস মেলা ঘিরে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বলেন, এবারের মেলা থেকে শিক্ষা নেওয়া হবে। কমিউনিটির অসুবিধা হলে ভবিষ্যতে তা ভেবে দেখা হবে।
বৈশাখী মেলা কমিউনিটি এনগেইজমেন্ট কমিটির সদস্য নবাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিল মেলাকে ‘অসামাজিক’ আচরণসহ সব ধরনের উপদ্রবমুক্ত রাখার জন্য নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে বলে তাদের জানিয়েছে।
