জাতীয় শোক দিবস পালনে নিউ ইয়র্কে নানা প্রস্তুতি
জাতীয় শোক দিবসে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অভিবাদন জানাবেন প্রবাসের মুক্তিযোদ্ধারা।
এছাড়া প্রবাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে, করা হবে প্রার্থনা।
দিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে ‘বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক এক মুক্ত আলোচনার মধ্য দিয়ে।
এসব কর্মসূচি পালিত হবে ‘সার্বজনীন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি’র ব্যানারে।
২০১ সদস্যের এই কমিটির আহ্বায়ক হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী এবং সদস্য সচিব করা হয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরীকে।
কমিটির জ্যেষ্ঠ সদস্য-সচিব হয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া। হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির।
কমিটিতে আরও রয়েছেন আওয়ামী লীগ নেতা ড. খন্দকার মনসুর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সরাফ সরকার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল এবং বাংলাদেশ লীগ অফ আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা।
কমিটির সদস্য সচিব জাকারিয়া চৌধুরী জানান, কর্মসূচি সুষ্ঠুভাবে পালেনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
