সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যতিক্রমী প্রতিবাদ
দেশে দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানিয়ে বর্বরতার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী এক আয়োজনে অংশ নিয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসীরা।
জ্যাকসন হাইটসে রোববার পড়ন্ত বিকেলে লাল-সবুজ পতাকা হাতে নারী-পুরুষের ‘হৃদয়ে আাঁকি বাংলাদেশ’ দৃশ্যায়ন আয়োজনকে করে বৈচিত্রমণ্ডিত।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে কর্মসূচিতে ছিল শিশু-কিশোররাও। তারা মুখায়বে বাংলাদেশের মানচিত্র আঁকে অত্যন্ত মনোযোগ দিয়ে।
‘তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয়’ শীর্ষক ব্যানারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ‘শোকলিপি’ পাঠ করেন নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন।
এতে গুলশানে জঙ্গি হামলায় জাপান, ইতালি, ভারত ও বাংলাদেশের নাগরিকদের নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করে তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।
বলা হয়, “ধর্মের অপব্যাখ্যা ঘটিয়ে বিকৃত মানসিকতার জন্মদান ও লালন কোন পরিণতির দিকে দেশ ও সমাজকে টেনে নিতে পারে তা আমরা দেখেছি একাত্তরে, যখন ইসলাম রক্ষার নামে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে ঘটিয়েছিল নৃশংস গণহত্যা।...
“আজ বাংলাদেশকে আবার দংশন করছে ধর্মের বিকৃত ব্যাখ্যার নতুন রূপ, যা বাইরের শক্তির প্ররোচনা ও দেশীয় গোষ্ঠির সমর্থনে ক্রমে নৃশংস থেকে নৃশংসতর হয়ে উঠছে। এই ধর্মান্ধতা তরুণ সমাজের একাংশকে বিভ্রান্ত করে মানব থেকে দানকে রূপান্তরিত করছে এবং এর জঘন্য প্রকাশ ঘটেছে গুলশানে।”
জঙ্গীবাদের প্রচার চালানো সংগঠন, তাদের অস্ত্র ও অর্থের নেটওয়ার্ক ও দেশি-বিদেশি মদদদাতাদের খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
পাশাপাশি সমাজদেহ থেকে জঙ্গিবাদের বিষ ঝেড়ে ফেলতে সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করার কথা বলা হয় শোকলিপিতে।
এর আগে ভূমিকা বক্তব্যে সংগঠনের সভাপতি মিথুন আহমেদ বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ রুখে দিতে চাই’ শিরোনামে দীর্ঘমেয়াদি কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন।
আয়োজনে বাংলাদেশের মানচিত্রের একটি বেষ্টনী তৈরি করেন প্রবাসের বিশিষ্ট চিত্রশিল্পীরা; প্রতিবাদী গান আর কবিতায় মানচিত্রে রঙ ছড়িয়ে দিয়ে জঙ্গীবাদের প্রতি দেখিছেন ঘৃণা।
মানচিত্রে তুলিতে আঁচড় দিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তাজুল ইমাম, গোপন সাহা ও স্বীকৃতি বড়ুয়া।
বেলাল বেগ, কাজী আরিফ, সৈয়দ মুহাম্মদ উল্লাহ, হাসান ফেরদৌস, শীতাংশু গুহ, নবেন্দু বিকাশ দত্ত, মাহফুজুর রহমান, ফাহিম রেজা নূর, গোপাল সান্যালও আলম বকুল আয়োজনে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সেক্টর কমান্ডার ফোরামের কোষাধ্যক্ষ ও ডেফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ড. এম এস এ মনসুর আহমেদ, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, প্রখ্যাত চিত্রশিল্পী মতলুব আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, অভিনেত্রী নায়লা আজাদ নূপুর, সঙ্গীতশিল্পী-অভিনেতা মাহমুদুল হক দুলু, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট শরাফ সরকার, সুব্রত বিশ্বাস, অ্যাডভোকেট মোর্শেদা জামান, নবেন্দু দত্ত, তৈয়বুর রহমান টনি, মিনহাজ আহমেদ, নাট্যাভিনেত্রী রওশন আরা হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্র নিউইয়র্কের মাহফুজা হাসান, মিল্টন আহমেদ, উদীচীর সাবিনা হাই উর্বি, কান্তা আবির, নুসরাত তন্বী, প্রতিমা সরকার, সৈয়দ আদনান, শুভ রায়, গোপন সাহা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আহ্বায়ক রাশেদ আহমেদও যুগ্ম আহবায়ক এ বি এম সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন।
