সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক নিউ ইয়র্কে
ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন করেছে আওয়ামী লীগ।
রোববার বিকালে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ এখন গোটাবিশ্বের এক নম্বর সমস্যা। এই যুক্তরাষ্ট্রেও বিভিন্ন আবরণে সন্ত্রাস চালানো হচ্ছে। তাই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
“একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করার মতলবে বাংলাদেশে জামায়াত-শিবিরের ইন্ধনে সাম্প্রতিক জঙ্গিবাদের ঘটনাবলী ঘটানো হচ্ছে।”
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি নূরনবী কমান্ডার বলেন, “বিএনপির মদদে জামাত-শিবিরের লোকজন সন্ত্রাস চালাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের চেতনায় এসব জঙ্গিদের নির্মূলে যাবতীয় সহায়তা দিতে প্রবাসের বাঙালিরা বদ্ধপরিকর।
“বাংলাদেশের জঙ্গিবাদের উৎস ধ্বংস করার স্বার্থেই অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে বিএনপির জঙ্গিদের দ্রুত বিচার আদালতে সোপর্দ করা দরকার।”
মানববন্ধনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এম এ জলিল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি বক্তব্য দেন।
