গুলশান হামলায় জড়িতদের শাস্তি দাবি জাপান প্রবাসীদের
ঢাকায় গুলশানে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছেন জাপানে বসবাসরত বাংলাদেশিরা।
রোববার জাপানের কানসাই অঞ্চলের প্রবাসী বাঙালিদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে এই দাবি জানানো হয়।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জাপানের সাত নাগরিক নিহত হন।
ওই হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় জাপানিদের মধ্যে, যার প্রভাব প্রবাসী বাংলাদেশিদের উপরও পড়ে। এই কারণে গত ৬ জুলাই ঈদুল ফিতর জাপানে উদযাপিত হলেও প্রবাসী মুসলিমরা পুনর্মিলনী পিছিয়ে রোববার করে।
স্থানীয় তয়োকায়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে কানসাই অঞ্চলের ওসাকা, নারা, কিয়েতো, কোবে, টোকিও অন্তত দেড়শ প্রবাসী বাংলাদেশি যোগ দেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় জাপানিদের।
গুলশান হামলার ছাপ ছিল পুরো অনুষ্ঠানজুড়ে।
দুপুরের খাবারের পর আয়োজিত ‘ঈদ আনন্দের’ অনুষ্ঠানে মেহরুবা মৌনার উপস্থাপনায় প্রবাসীদের পক্ষ থেকে রফিক আজিজ বলেন, “আমরা বাকরুদ্ধ, স্তম্ভিত হয়ে পড়েছি। এই ধরনের ঘটনায় আমরা প্রতিবাদের ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছি।
“আমরা যেহেতু জাপানে বসবাস করি তাই এ ঘটনার পর আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি।”
এক দশক ধরে জাপানে থাকা খন্দকার রুমী বলেন, “গত দুই সপ্তাহ জুড়ে প্রশ্নে এমনই অবস্থার মুখোমুখি হয়েছি যে মনে হয় সাত জাপানিকে আমরা খুন করেছি। বিপথগামী যুবকদের ভুলের খেসারত আমরা গুণছি।
“আমার জাপান জীবনে সবচেয়ে বেশি অস্থিতিকর পরিস্থিতিতে এখন পড়েছি। আমরা মনে করি, খুনিরা বাংলাদেশি নয়, ওদের কোনো দেশ নেই, জাতি নেই, ওরা সব দেশেই সন্ত্রাসী।”
প্রবাসীদের এই পুনর্মিলনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল।
এদিকে ওসাকার ইবারাকি মসজিদে বাঙালি মুসল্লিরা গুলশান হামলার প্রতিবার জানিয়েছে। রোববার বিকালে আসরের নামাজের পর বাংলাদেশি মুসল্লিদের এক সভায় বলা হয়, যারা জঙ্গিবাদ চর্চায় জড়িত তারা কখনও মুসলমান নয়। ওরা ইসলামের শত্রু।
