সিপিজের এশিয়া কো-অর্ডিনেটর স্টিভেন বাটলার
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা নিয়ে কাজ করা নিউ ইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’র (সিপিজে) এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে যোগ দিয়েছেন ড. স্টিভেন বাটলার। তিনি বব ডায়েটজ’র স্থলাভিষিক্ত হলেন।
গত ৩০ জুন ডায়েটজ এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদ ছেড়ে গেলেও সিপিজের বিশেষ কয়েকটি প্রকল্পে সম্পৃক্ত থাকবেন ডায়েটজ।
সিপিজে জানিয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট বাটলার কাজ করবেন ওয়াশিংটন অফিস থেকে।
বাটলার এর আগে যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল টাইমস এবং ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের জন্য কাজ করেছেন ২০ বছর।
এছাড়া আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের সময় তিনি নাইট রাইডারের ওয়াশিংটন ব্যুরো কার্যালয়ে বিদেশ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি তিনি অনলাইন ম্যাগাজিন ওজেডওয়াই-এ সিনিয়র এডিটর হিসেবে যোগ দিয়েছেন।
এদিকে সিপিজের সুমিত গারহোত্রা পদোন্নতি পেয়ে সিনিয়র রিসার্চার হয়েছেন।
তিনি নিউ ইয়র্কে সংস্থার সদর দফতর থেকে এশিয়ার সাংবাদিকদের জন্য কল্যাণকর বিভিন্ন কর্মসূচি নিয়ে গবেষণার কাজ চালিয়ে যাবেন।
