যুক্তরাষ্ট্রের ঈদ জামাতে ধর্মের নামে সন্ত্রাসের নিন্দা
ধর্মের নামে সন্ত্রাসে জড়িতদের প্রতি ধিক্কার আর জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান এসেছে যুক্তরাষ্ট্রের ঈদ জামাতে।
মাসব্যাপী রোজার পর বিভিন্ন শ্রেণি পেশার মুসলমানরা বুধবার যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করেন।
সকালে নিউ ইয়র্কের কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের অন্যতম প্রধান জামাত হয়। সেখানে খুতবায় সন্ত্রাসী হামলার মদদ দাতাদের শাস্তির দাবি জানান ইমাম।
খুতবায় ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা, মসজিদে নববীতে হামলা এবং ইরাকে গত সপ্তাহের ভয়াবহ হামলার কথা উঠে আসে।
বিপুল সংখ্যক প্রবাসী এখানে ঈদের নামাজে অংশ নেন। গুলশানে হামলার এক সপ্তাহের মধ্যে ঈদ হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছিল শোকের ছায়া।
ওই জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০জন নিহত হন, তাদের মধ্যে ছিলেন বাংলাদেশি-মার্কিন নাগরিক অবীন্তা কবিরও।
মোনাজাতে গুলশানসহ বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।
জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার হুমকি থাকায় এসব জামাতে ছিল পুলিশের ব্যাপক নিরাপত্তা।
সাবেক সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ওয়াশিংটন ডিসিতে নামাজ আদায় করেন। আর সেনা প্রধান জেনারেল মঈন উ আহমেদ পড়েন ফ্লোরিডায়।
এছাড়া বিকল্পধারার প্রধান ও সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী টেক্সাসে, বিএনপির ভাইস চেয়ারম্যন সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়েন।
