চাঁদ রাতে নিউ ইয়র্কে মেহেদি উৎসব
ঈদের আগের রাতে নিউ ইয়র্কে মেহেদির রংয়ে হাত রাঙিয়েছেন মুসলিম নারীরা।
এক মাস রোজার পর বুধবার ঈদ উদযাপিত হয় যুক্তরাষ্ট্রে।
আগের দিন ইফতার শেষ হওয়ার পর নগরীর বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে বহুসংখ্যক তরুণী, যুবতী ও মহিলা ছোটো চেয়ার, টুল নিয়ে বসে পড়েন রাস্তায়। পাঁচ থেকে সাত ডলারের বিনিময়ে আগ্রহীদের মেহেদি পরিয়ে দেন তারা।
চাঁদরাতে উৎসবের আমেজে জ্যাকসন হাইটসের রাস্তায় লাইটপোস্টের আলোতে সার বেঁধে হাতে মেহেদি পরতে দেখা যায় তরুণীদের।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘চাঁদ রাত উৎসব’ ব্যানার লাগিয়ে শিল্পীদের ঈদের গান পরিবেশন মেহেদি রাঙানো মানুষদের আরও বেশি আমোদিত করে।
আইন অনুযায়ী মানুষের চলাচলের রাস্তায় দোকান বসানোর এখতিয়ার না থাকলেও পুলিশকে এদিন আপত্তি জানায়নি।
শুধু জ্যাকসন হাইটস নয়, নিউ ইয়র্কের জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলিন শহরেও একইভাবে চাঁদরাত উদযাপন করেছেন মুসলিমরা।
ডাইভার্সিটি প্লাজায় মোহাম্মদী সেন্টারের উদ্যোগে বুধবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ওজনপার্কে আল আমান মসজিদ, ব্রঙ্কসে পার্কচেষ্টার মসজিদেও ঈদ জামাত হয়।
সবচেয়ে বড় জামাত হওয়ার কথা জ্যামাইকায়। গত বছর এই জামাতে প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেন।
