২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন ডিসি বিএনপির উপদেষ্টা বাবুকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিএনপির প্রধান উপদেষ্টার পদ থেকে শরাফত হোসেন বাবুকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 06:53 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

ম্যারিল্যান্ডে গত সপ্তাহে হওয়া এক তহবিল সংগ্রহের নৈশভোজে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি ড. আশরাফ আহমেদ জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের স্প্রিং গার্ডেনে ওয়াশিংটন ডিসি বিএনপির এক সভায় ‘সর্বসম্মতিক্রমে’ বাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক এ জে এম হোসাইন, সিনিয়র উপদেষ্টা জহির খান, উপদেষ্টা নেসার আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ খান সোহেল, সহ-সভাপতি শাহাদত সোহরাওয়ার্দী, ওবায়দুল হক, কাজী এম রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বাবুর বহিষ্কারে বিস্ময় প্রকাশ করেছে ভার্জিনিয়া স্টেট বিএনপি।

ভার্জিনিয়া স্টেট বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সেক্রেটারি তোফায়েল আহমেদ এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র বিএনপিকে ধ্বংস করতেই বাবুর মতো নিবেদিতপ্রাণ, ত্যাগী ও নিঃস্বার্থ নেতার নামে মিথ্যাচার করা হচ্ছে।”

বিবৃতিতে বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি ‘মিথ্যাচারের বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।