সন্ত্রাস রুখতে জাতীয় ঐক্যের আহ্বান যুক্তরাষ্ট্র প্রবাসীদের
গুলশান হামলার প্রতিবাদ এবং হতাহতদের স্মরণে নিউ ইয়র্কে মানববন্ধন ও শোক শোভাযাত্রা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার বিকালে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে বক্তারা সন্ত্রাসবাদ রুখতে জামায়াত-শিবিরকে বাদ দিয়ে অন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান।
সর্বস্তরের প্রবাসীদের নিয়ে এ কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
‘জিরো টলারেন্স অন টেররিজম ইন বাংলাদেশ’, ‘শো ইউর সলিডারিটি অ্যান্ড সে নো টু টেররিজম’, ‘ইসলাম ডাজ নট পারমিট টু কিল অর মার্ডার ইনোসেন্ট পিপল’, ‘বাংলাদেশ উইল নেভার কমপ্রোমাইজ উইথ টেররিজম’, ‘নো রুম ফর টেররিজম ইন সেক্যুলার বাংলাদেশ’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন কর্মসূচিতে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ গুলশানের ক্যাফেতে জিম্মি পরিস্থিতি অবসানে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যথাযথ ভূমিকা পালনের জন্যে যৌথবাহিনীকে অভিনন্দন জানান।
“বাংলাদেশকে যারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের সমূলে উৎপাটনে একাত্তরের চেতনায় প্রবাসীরা শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল,” বলেন আজাদ।
“জামায়াত-শিবিরের রাজনীতির প্রতি মানুষের সমর্থন না থাকায় ওরা এখন একাত্তরের বর্বরতার পুনরাবৃত্তি ঘটিয়ে জনজীবনকে সন্ত্রস্ত করতে চাচ্ছে।”
জামায়াত-শিবিরকে বাদ দিয়ে সব দলকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ঠে জাতিগত ঐক্য গড়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, নির্বাহী সদস্য এম এ আলম বিপ্লব, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন প্রমুখ।
