‘গুলশানে হামলায় খালেদার মদদ’
ঢাকার গুলশানে এক ক্যাফেতে অস্ত্রধারীদের হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ব্রুকলিনে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আলোচনা সভায় নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়ার মদদেই যে গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সন্ত্রাসীরা বেগম জিয়ার বাসা থেকেই হামলার সব পরিকল্পনা করেছে, নির্দেশও এসেছে সেখান থেকেই।”
হামলা হওয়া ক্যাফেটি বেগম জিয়ার গুলশানের বাসভবনের কাছাকাছি।
সরকার উৎখাতে বিএনপি ‘অভ্যুত্থানের চেষ্টা করছে’ বলেও অভিযোগ করেন যুক্তরাষ্ট্র যুব কমান্ডের সভাপতি জাকারিয়া ।
“অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রে থাকা বিএনপি চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টা এবং আরেক বিএনপি সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে সামরিক অভ্যুত্থান করতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য রেখেছেন। এরই ধারাবাহিকতায় গুলশানে হামলা ও হত্যার ঘটনা ঘটল।”
নিউ ইয়র্ক আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াতের মদদে বাংলাদেশে ধারাবাহিক ‘জঙ্গি হামলার’ ঘটনা ঘটছে।
“বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতেই খালেদা জিয়ার মদদে বিদেশিদের ওপর জঙ্গি হামলা চালানো হচ্ছে।”
জামায়াত নেতা ও একাত্তরের ঘাতক মীর কাসেমের টাকায় নিউ ইয়র্কে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছেন বলেও জানান তিনি।
“এ কাজে নিউ ইয়র্কের দুয়েকটি মিডিয়াও জড়িত। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আওয়ামী লীগের ভেতরেও জামায়াত-শিবিরের চর ঢুকে গেছে।
“কিন্তু আওয়ামী লীগের একজনও জামায়াত-শিবিরে ঢুকতে পারেন না। এজন্যে তাদের ষড়যন্ত্রের আভাস আগে পাওয়া সম্ভব হয় না।”
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ‘ব্যক্তিগত লাভের জন্য’ দলীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
“আগে বিরোধী দলে থাকাকালীন সংগঠনের জন্যে সময় দিলেই যথেষ্ট হত। ভবিষ্যতে বিরোধী দলে থাকতে হলে জীবনও দিতে হবে। কারণ, জামায়াত-শিবির আওয়ামী লীগের নেতাকর্মীদের জবাই করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।’
গুলশানে সন্ত্রাসী হামলায় জামাত-শিবির জড়িত- এমন ইঙ্গিত দিয়ে আইনজীবী সুমন বলেন, “তারা ধর্মের দোহাই দিয়ে অসহায় মানুষদের নির্বিচারে হত্যা করছে। এটা কেমন ধর্ম?”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, কামাল হোসেন মিঠু।
