নিউ ইয়র্কে পা ভেঙ্গে হাসপাতালে বিএনপিনেতা সালাম
বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভাঙ্গা পা নিয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ জানিয়েছেন, ব্রুকলিনে এক আত্মীয়ের বাসার সিঁড়িতে পড়ে পা ভেঙ্গেছেন তিনি।
গত ২৬ জুন বিকালে জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে যোগ দিতে ওই বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গেলে তার বাম পা ভেঙ্গে যায়।
দ্রুত তাকে ব্রুকলিনের ম্যাথডিস হাসপাতালে ভর্তি করা হয়।
আবু সাঈদ বলেন, “চিকিৎসকরাজানিয়েছেন, তার পায়ের দুটো হাড় ভেঙ্গেছে। ইতিমধ্যেই একবার অস্ত্রোপচার করা হয়েছে। শিগগিরই আরেকটি অস্ত্রোপচারের কথা রয়েছে।”
সপ্তাহ দেড়েক আগে যুক্তরাষ্ট্রে এসে আটলান্টায় ছেলের সঙ্গে কয়েকদিন কাটিয়ে নিউ ইয়র্কে দলীয় নেতাকর্মীদের সময় দিচ্ছিলেন।
খোকার উন্নতি
উরুর টিউমার অপসারণের পর এখন অনেকটাই ভালো ঢাকার সাবেক মেয়র মেয়র বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা।
উরুর টিউমার অপসারণের পর সাদেক হোসেন খোকার পুনর্বাসন প্রক্রিয়া চলছে
শিগগিরই তাকে হাসপাতালের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ক্যান্সারের চিকিৎসা নিতে গত কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে তার চিকিৎসা চলছে।
এরই মধ্যে গত ১৩ জুন তার বাম উরুতে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়।
সাদেক হোসেন খোকা এবং আব্দুস সালামের পরিবারের পক্ষ থেকে তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বি চৌধুরী টেক্সাসে
সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী চিকিৎসার জন্য বর্তমানে টেক্সাসে রয়েছেন। সেখানকার হিউস্টন সিটির একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
সপ্তাহখানেক আগে তিনি ছেলে মাহী বি চৌধুরীসহ যুক্তরাষ্ট্রে আসেন। তারা সপ্তাহ তিনেক যুক্তরাষ্ট্রে থাকবেন বলে জানা গেছে।
