নিউ ইয়র্কে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’ গঠিত
প্রবাস প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এগিয়ে চলার অবিস্মরণীয় কাহিনী ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ছাড়াও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজের সংকল্প নিয়ে নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধারা গঠন করলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’।
নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠন গঠনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ফাউন্ডেশনের আহ্বায়ক রাশেদ আহমদ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজ, যুগ্ম আহ্বায়ক লাবলু আনসার এবং সদস্য সচিব রেজাউল বারি এবং যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিক।
সংবাদ সম্মেলন থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২৫ হাজার টাকায় উন্নীত করার দাবি জানানো হয়।
পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বিপন্ন করতে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরকেও শক্ত হাতে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
