যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা-কর্মীরা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সমাবেশ হয়।
সমাবেশে ‘সংগ্রাম, ঐতিহ্য, গৌরব আর উন্নয়নের ৬৭ বছর’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউ জার্সির কাউন্সিলম্যান ড. নূরুন্নবী আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান এবং মানুষের কল্যাণে কাজের ফিরিস্তি তুলে ধরেন।
প্রধান বক্তা একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন বলেন, “বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় ৪ নেতা যেভাবে মুক্তিযুদ্ধের হাল ধরেছিলেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সংকল্প বাস্তবায়িত করতে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন।”
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে শুরু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালাচ্ছে একাত্তরের পরাজিশ শক্তি।
“একইভাবে ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র চালানো হচ্ছে এই নিউ ইয়র্ক থেকে। এসব ষড়যন্ত্র রুখতে হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা শরাফ সরকারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন চলচ্চিত্রকার কবীর আনোয়ার, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দুল হাসিব মামুন, মোজাহিদুল ইসলাম, এম এ জলিল, তৈয়বুর রহমান টনি, শামসুল আবদিন, আমিনুল ইসলাম কলিন্স, নূরল আবসার সেন্টু প্রমুখ।
