২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউর পক্ষে ভোট দিতে যুক্তরাজ্য প্রবাসীদের আহ্বান আশরাফের

ব্রেক্সিট ভোটে যুক্তরাজ্য প্রবাসীদের ‘রিমেইন’ এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 10:49 AM

Updated : 12 Apr 2022, 02:19 AM

মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি বাংকোয়েট হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় তিনি এ আহ্বান জানান।

আশরাফ বলেন, “এই যে গণভোট হচ্ছে এতে আমারও ভোট আছে। আমার ভোট আমি রিমেইন-এ দিব, আপনারাও রিমেইন-এ দেন।”

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার গ্রেট ব্রিটেনভুক্ত ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে গণভোট হতে যাচ্ছে; যাকে ‘ব্রেক্সিট’ বলা হচ্ছে।

নাগরিকদের মধ্যে যারা ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় তারা ‘রিমেইন’ এর পক্ষে আর যারা বেরিয়ে যাওয়ার পক্ষে তারা ‘লিভ’ এ ভোট দিতে প্রচারণা চালাচ্ছে।

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির দুই এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক প্রবাসীদের ‘রিমেইন’ এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

‘ব্রেক্সিট’ ভোটের সঙ্গে বৈশ্বিক রাজনীতিরও যোগ আছে। এরই মধ্যে বারাক ওবামা, অ্যাঙ্গেলা মের্কেল, শেখ হাসিনাসহ বিশ্ব নেতৃবৃন্দ যুক্তরাজ্যের জনগণকে ‘রিমেইন’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের ‘সঙ্গে থাকলে শক্তিশালী হবে’ বলে মন্তব্য করেন আশরাফ।

“আমরা দেখতে চাই যুক্তরাজ্য ইউরোপের সঙ্গে থাকুক। তাহলে তারা যেমন শক্তিশালী হবে, তেমনি ইউরোপও শক্তিশালী হবে; আমরাও শক্তিশালী হব।”

মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের জনগণ ও সরকারের সমর্থনের কথাও স্মরণ করেন মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ।

“মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ ও সরকার আমাদের পক্ষে ছিল, আমাদেরকে সহযোগিতা করেছে। বঙ্গবন্ধুও পাকিস্তানের জেল থেকে বেরিয়ে সর্বপ্রথম লন্ডনেই এসেছিলেন।”  

সভায় সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী অভিযোগ করেন, ‘বর্ণবাদের প্রেতাত্মারা’ যুক্তরাজ্যকে ইউরোপের বাইরে নিয়ে যেতে চায়।

“ইউরোপ ঐক্যবদ্ধ থাকলে প্রবাসীরা সুখে থাকবে, বাংলাদেশের মানুষও সুখে থাকবে। আমাদের প্রধানমন্ত্রী ঐক্যের পক্ষে, আমরাও ঐক্যবদ্ধ ইউরোপের পক্ষে ভোট দিব।”

সাবেক এ সংসদ সদস্য বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, “কুলাঙ্গার তারেক লন্ডনে বসে জামায়াতে ইসলামী, দাওয়াতুল ইসলামসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে নিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।”

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি, যুক্তরাজ্য আ.লীগের সভাপতি সুলতান শরীফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ।