২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচারে রেকর্ড করেছে সরকার: যুক্তরাষ্ট্র যুবদল

বাংলাদেশে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাসহ নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 11:15 AM

Updated : 11 Oct 2022, 08:24 PM

সোমবার নিউইয়র্কে ইফতারপূর্ব এক সভায় যুবদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, “অতীতের সকল স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের অনাচার। সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ করলেই হয় গুম, না হয় ক্রসফায়ারে যেতে হচ্ছে।

“এমন বিভীষিকাময় পরিস্থিতির অবসানে প্রবাসের বিএনপি পরিবারে ঐক্যের বিকল্প নেই।”

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেস মিলনায়তনের ইফতার অনুষ্ঠানে যুবদল ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

তিন বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় বিচ্ছিন্ন নেতাকর্মীরা পুনর্মিলন হিসেবে বেছে নিয়ে এই ইফতারে যোগ দিয়েছেন বলে কেউ কেউ মন্তব্য করেন।

আলোচনা সভায় যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, “তিনবারের প্রধানমন্ত্রীকেও এই স্বৈরাচারী সরকার ছাড় দিচ্ছে না। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কুৎসা রটাতেও কার্পণ্য করছেন না শেখ হাসিনা।”

Image
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র যুবদলের ইফতার আয়োজনে বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র যুবদলের ইফতার আয়োজনে বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদের বাবার মৃত্যুতে সমাবেশ থেকে শোক প্রকাশ করা হয়। এছাড়া নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আরোগ্য কামনা করা হয়।

এসময় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের মধ্যে ছিলেন দেলোয়ার হোসেন, শরাফত হোসেন বাবু, মঞ্জুর আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান, জসীম ভুইয়া, ফিরোজ আলম, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বাকির আজাদ, আনোয়ারুল ইসলাম ও হাবিবুর রহমান সেলিম রেজা।

যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতাদের মধ্যে ছিলেন রাফেল তালুকদার, সারোয়ার খান বাবু, রফিকুল ইসলাম ডালিম, কাইয়ুম চৌধুরী, নূরল আমিন পলাশ, রুহুল আমিন নাসির, মাহবুবুর রহমান মুকুল, আবুল কাশেম ও সাঈদুর রহমান ডিউক।

যুবদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আতিকুল হক আহাদ ও আমানত হোসেন আমান।

এরপর নিউ ইয়র্ক বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহর নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।