২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা যোগাবেন আলি’

জানাজা শেষে শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত হওয়ার অপেক্ষায় রয়েছে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলির মরদেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 12:13 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় লুয়াভিল শহরের ফ্রিডম হলে সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদের জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।

তাকে ‘মানবতার প্রতীক’ হিসেবে অভিহিত করে ‘তার কাছ থেকে শেখার’ জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার প্রকৌশলী মো. মোর্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলি মরেননি; সর্বক্ষণ জীবিত থাকবেন মানবতার জয়গানে, অন্যায়-অনিয়মের প্রতিবাদে।ধর্ম ও জাতিগত বৈষম্যবিরোধী কর্মকাণ্ডে প্রেরণা যোগাবেন আলি।”

Image
কেন্টাকির লুয়াভিলে আলির জানাজায় অংশ নেওয়া বাংলাদেশি কয়েকজন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কেন্টাকির লুয়াভিলে আলির জানাজায় অংশ নেওয়া বাংলাদেশি কয়েকজন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত ৩ জুন অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আলি।

তার জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, বার্কলি মুসলিম লিবারেল আর্টস স্কুল ও জয়তুনা কলেজের প্রতিষ্ঠাতা জায়েদ শাকির, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মুসলিম স্কলার শারমেন জ্যাকসনসহ অনেকে অংশ নেন।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারা আলির ‘কর্মময় জীবনের’ প্রশংসা করেন।

শারমেন জ্যাকসন বলেন, “আলি চলে যাওয়ায় আমরা সকলেই বিশ্বস্ত একজন সঙ্গী হারালাম। বিশ্ব হারালো সুন্দর মনের এক মানুষ।”

ষাটের দশকে যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকারের আন্দোলনে আলির ভূমিকার কথা স্মরণ করেন জায়েদ শাকির।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে সব ধর্ম ও মতের মানুষের উপস্থিতিতে আলির শেষকৃত্য অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেতা বিলি ক্রিস্টাল, নাগরিক অধিকারকর্মী জেসি জ্যাকসন ও সঙ্গীতশিল্পী ইউসুফ ইসলামসহ বিনোদন ও ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্ব শেষকৃত্যে অংশ নেবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।