২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ছুটি পাবেন ফিলাডেলফিয়ার শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ার স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন থেকে দুই ঈদের দিন ছুটি পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার সিটি মেয়র জিম কেনি ফিলাডেলফিয়ার সিটি হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। নিউ ইয়র্কের পরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্টেট হিসেবে শিক্ষার্থীদের জন্য এ ছুটি ঘোষণা করল  ফিলাডেলফিয়া।

গতবছর সিটি কাউন্সিলে পাশ হওয়া এক বিলের পরিপ্রেক্ষিতে ঈদের দিন স্কুলগুলোতে এ ছুটি ঘোষণা করা হয় বলে জানান তিনি।

“ফিলাডেলফিয়া সিটি চার্টারে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের ঘোষণা রয়েছে। সে নীতি সমুন্নত রাখতেই এ ছুটি।”

শহরেরর মুসলমান কর্মচাররীদের জন্যও দুই ঈদে ছুটি ঘোষণার একটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানান মেয়র।

তিনি বলেন, “এ লক্ষ্যে একটি টাস্কফোর্স কাজ করছে। টাস্কফোর্সে বিচারক, শ্রমিক ইউনিয়ন, ব্যবসা-বাণিজ্য, মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা আছেন।”

সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট উইলিয়াম আর হিটে জুনিয়র উপস্থিত ছিলেন।

মেয়রের ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিলাডেলফিয়া ঈদ কোয়ালিশনের কর্মকর্তা সেলিমা সাসওয়েল বলেন, স্কুলগামী মুসলমান শিক্ষার্থীদের জন্যে ছুটির বিষয়টি খুবই উৎসাহব্যঞ্জক হবে।

ওয়াশিংটনের ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ এর মুখপাত্র ইব্রাহিম হুপার ছুটি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট বক্তব্যে সারা আমেরিকায় মুসলিম কম্যুনিটিতে অস্বস্তি বিরাজ করছে।

“এমন অবস্থায় ফিলাডেলফিয়ার এ ঘোষণার গুরুত্ব অপরিসীম।”