জিয়ার মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্রে দোয়া, আলোচনা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে দোয়া ও আলোচনা সভা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
যুবদল নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের রুজভেল্ট মসজিদে সোমবার মাগরেবের নামাজের পর দোয়ার আয়োজন করে।
যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম ও হেলালউদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিটি বিএনপির সভাপতি সেলিম রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি রুহুল আমিন নাসির প্রমুখ দোয়ায় অংশ নেন।
বিএনপি নেতা দেলোয়ার এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশে আজ গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানুষের অধিকার বিপন্ন। মানুষ এখন গুম, খুন আর গ্রেপ্তার আতংকে সন্ত্রস্ত।
“এই মুহূর্তে একজন জিয়ার বড় প্রয়োজন, যিনি দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবেন, শোনাবেন উন্নয়নের বাণী, ছুটে বেড়াবেন গ্রাম থেকে গ্রামান্তরে।”
‘শাহাদৎ বার্ষিকী উদযাপন পরিষদ’র ব্যানারে আরেকটি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে একইদিন রাতে। এ আয়োজনে সভাপতিত্ব করেন বিএনপি নেতা এম এ সবুর।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা বিএনপির আলোচনা সভা।
এর আগে রোববার সন্ধ্যায় ফ্লোরিডার একটি রেস্টুরেন্টে স্টেট বিএনপি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
এমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন।
স্টেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রফিকুল হক, আলমগীর কবির, আবুল হাসিব ডিউক, রাজু চৌধুরী, মাজহারুল ইসলাম, হারুন উর রশীদ, জামাল উদ্দিন, হামিদুর রহমান প্রমুখ।
