২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে উদীচীর ১০ বছরে গুণীজন সংবর্ধনা

ফ্রান্স উদীচীর ১০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 03:18 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

গত ২২ মে ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে ল’এমবারসাদেরে হলে এই অনুষ্ঠানের শুরুতে উদীচীর গত ১০ বছরের কার্যক্রম নিয়ে ৮ মিনিটের একটি ভিডিওচিত্র দেখানো হয়। চ্যানেল আই ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম এবং ফ্রান্স উদীচীর তথ্য, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদারের যৌথ পরিকল্পনায় ওই ভিডিওচিত্র নির্মিত হয়।

দ্বিতীয় পর্বে ফ্রান্স উদীচীর সভাপতি কিরন্ময় মণ্ডল এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পর ১০ জনকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একুশে পদকপ্রাপ্ত মূকাভিনয় শিল্পী ও ফ্রান্স সরকারের সর্বোচ্চ নাগরিক সাংস্কৃতিক সম্মান নাইট উপাধি পাওয়া পার্থ প্রতিম মজুমদার, ওবারভিলিয়ে শহরের সহকারী মেয়র অঁতনি দাগে, ফ্রান্স সরকারের ‘নাইট’ উপাধি ও ফরাসি একাডেমি পুরস্কারে ভূষিত এবং বাংলাদেশ সরকারের স্বাধীনতা মৈত্রী পদক প্রাপ্ত লেখক ও গবেষক ড. পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এনামুল হক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স সংসদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফ্রান্সের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ফ্রান্সের ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. ফিলিপ বেনোয়া, প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক কর্মী হাসনাত জাহান, ওভারভিলিয়ে শহরের ভি এসোসিয়েটিভের পরিচালক কার্লোস সামেদোকে।

সবাইকে উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য এবং ফ্রান্স উদীচীর সভাপতি কিরন্ময় মণ্ডল।

তৃতীয় পর্বে শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাবর্ষের ষড়ঋতুকে। এই অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মহসিন খান লিটন, বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ এবং বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি রমেন্দ্র কুমার চন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। শিশু-কিশোরদের এই অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফ্রান্স উদীচীর

সহ-সভাপতি রোজী মজুমদার ও শিশু বিষয়ক সম্পাদক সুস্মিতা বড়ুয়া।

শিশুদের পরিবেশনার পর শুরু হওয়া উদীচীর মূল সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনায় যৌথভাবে ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজী মজুমদার, সাগর বড়ুয়া ও কোষাধ্যক্ষ সম্পা বড়ুয়া।

সাংস্কৃতিক সম্পাদক নন্দন ধরের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় শুভঙ্কর চক্রবর্তীর লেখা উদীচীর সাম্প্রদায়িকতাবিরোধী বিশেষ পথনাটক ‘মড়া’। নাট্য সম্পাদক বিজয় সরকারের তত্ত্বাবধানে উদীচীর উপদেষ্টামণ্ডলির সদস্য প্রদীপ কুমার বড়ুয়া এবং দীপক নিকোলা গোমেজের যৌথ পরিচালনায় এই নাটক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।