লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা
বঙ্গবন্ধুর জীবন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে বিলেতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত লেখা নিয়ে সাজানো ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও আপেক্ষিক কিছু কথা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল লন্ডনে।
গত রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিকরা অংশ নেন।
বইটির মোড়ক উন্মোচন করেন একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক এবং কলামনিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান।
এছাড়া সাবেক হাই-কমিশনার গিয়াস উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সামসুদ্দিন খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে বইটির লেখক যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলামনিস্ট সামসুদ্দিন আহমদ মাস্টার বলেন, “এই বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধু, স্বাধীনতা যুদ্ধ ও তার দেখা বাংলাদেশের রাজনীতির অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”
আব্দুল গাফ্ফার চৌধুরী সাহসী লেখার জন্য লেখকের প্রশংসা করে বলেন, “তিনি আওয়ামী লীগের দুর্দিনে তার লেখনির মাধ্যমে নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন। বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় তার সাহসী লেখা সবাইকে অনুপ্রাণিত করে।
“বঙ্গবন্ধুকে নিয়ে তার অনেক অসাধারণ লেখা রয়েছে। এর মাধ্যমে নতুন করে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের জানার সুযোগ হবে।”
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, প্রফেসর আবুল হাসেম, শাহ আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সৈয়দ আনাস পাশা, রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব, সায়েম চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নেতা নূরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
