২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুলের জন্য কর্মসূচি নিউ ইয়র্ক বিএনপির

বাংলাদেশে ক্ষমতাসীন সরকার বিরোধী নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 10:57 AM

Updated : 20 Aug 2022, 12:47 PM

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ‘ডাইভার্সিটি প্লাজা’য় এক মানববন্ধন থেকে দেশে দলের নেতা-কর্মীদের ‘অহেতুক মিথ্যা মামলায় গ্রেপ্তার ও গুম-খুনের’ প্রতিবাদ জানান প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়।

মানববন্ধনে নিউ ইয়র্ক রাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “গুম করে আর মিথ্যা মামলা দিয়ে অতীতের মতো এখনও গদি রক্ষা করা যাবে না। তাই সময় থাকতেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কাষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, বিএনপি নেত্রী নীরা রাব্বানী।