নিউ ইয়র্কে বইমেলা শুরু, লেখক-ব্লগারদের উৎসর্গ
সাম্প্রতিক সময়ে নৃশংসতার শিকার মুক্তমনা লেখক, ব্লগার, বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনৈতিক কর্মীদের আত্মার প্রতি উৎসর্গের মধ্যে দিয়ে নিউ ইয়র্কে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’
শুক্রবার বিকালে বাংলাদেশ, ভারত এবং বহির্বিশ্বের ২৫ জন খ্যাতনামা লেখক-সাহিত্যিক-শিল্পী-অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বইমেলার ২৫তম বার্ষিকীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পিএস-৬৯ এর মিলনায়তনে তিনদিনের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
গত ২৪ বছরের মত এবারও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন কর্তৃক ২৫টি বেলুন উড়িয়ে এবং ফিতা কাটার সময় বিপুল করতালিতে মুখরিত হয় মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত মেলাপ্রাঙ্গণ।
এর আগে বাংলাদেশ, কলকাতা, লন্ডন, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখক-কবি-সাহিত্যিক-শিল্পীরা শোভাযাত্রায় অংশ নেন।
এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান।
উদ্বোধনী পর্বে সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “বাংলা একাডেমির একুশের বইমেলার সম্প্রসারিত অংশ বলেই আমার মনে হচ্ছে এই মেলাকে।
ফিতা কেটে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার উদ্বোধন করেন লেখিকা সেলিনা হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন, লেখক আনিসুল হক, অভিনেতা রামেন্দু মজুমদার, জামালউদ্দিন হোসেন, কবি গুলতেকিন খান, ছড়াকার লুৎফর রহমান রিটন, মুক্তিযোদ্ধা লেখক ড. নূরন্নবী, মেলা ও উৎসব কমিটির আহবায়ক হাসান ফেরদৌস।
উৎসবে প্রবাসের লেখকদের এ বছর একুশের বইমেলায় প্রকাশিত গ্রন্থ নিয়ে আলোচনা হবে। পাঠকের সরাসরি মুখোমুখী হওয়ারও একটি পর্ব রয়েছে।
মার্কিন টিভিতে কর্মরত বাংলাদেশি প্রজন্মের অংশগ্রহণে বিশেষ একটি টক শো হবে ‘আমেরিকায় বাংলার মুখ’ শিরোনামে।
‘বাংলার লোক ঐতিহ্য : আলাপচারিতা ও গান’ পর্ব পরিচালনা করবেন আনিসুল হক।
আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার প্যারেডে লেখিকা সেলিনা হোসেনসহ অতিথিরা।
একাত্তরে পাকিস্তানি বাহিনীর ‘গণহত্যা’র আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের অংশ হিসেবে বিশেষ একটি অনুষ্ঠানও রয়েছে।
একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেনের পরিচালনায় ‘টেলিভিশন কি বাংলা সংস্কৃতি বিকাশে প্রতিবন্ধক’, নিনি ওয়াহেদের পরিচালনায় ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক আলোচনাও হবে মেলার মূলমঞ্চে।
মেলায় বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার স্টলের পাশাপাশি উৎসবে বাঙালি খাদ্য ও নানা পণ্যের স্টলও রয়েছে।
