৯/১১ পর যুক্তরাষ্ট্র, আর বর্তমান সরকার এক: বিএনপি
নাইন ইলেভেনের হামলার পর জর্জ বুশের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যেভাবে শত্রু-মিত্র নির্ধারণ করেছিল, বাংলাদেশের বর্তমান সরকারও সেভাবেই চলছে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার রাতে প্রবাসীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “৯/১১ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে যারা সহযোগিতা দিয়েছে তারাই ছিল যুক্তরাষ্ট্রের মিত্র; যারা দেয়নি তাদেরকেই শত্রু হিসেবে চিহ্নিত করা হয়।
“বাংলাদেশে বর্তমানে সেই পরিস্থিতি; ক্ষমতাসীনদের অন্যায়-অবিচারের প্রতিবাদ করলেই রোষাণলে পড়তে হচ্ছে।”
জ্যাকসন হাইটসে নান্দুস পার্টি সেন্টারে নিউইয়র্কে বসবাসরত বরিশাল বিভাগবাসী বরিশালের সাবেক মেয়র হিসেবে বিএনপির এই নেতার জন্য সংবর্ধনা সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মজিবর রহমান সরোয়ার বলেন, “বাংলাদেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে; গণতন্ত্র বিপন্ন, মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে। জনজীবনের নিরাপত্তা এখন অনিশ্চিত।
বরিশালের সাবেক মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের সংবর্ধনা সমাবেশে উপস্থিতির একাংশ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এই অবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এক-এগারোর চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ডা. এম এ সবুরের সভাপতিত্বে ও জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীনের সঞ্চালনায় সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, নিউজার্সির সোলায়মান শেরনিয়াবাদ, শরাফত হোসেন বাবু, রুহুল আমিন নাসির ও হাবিবুর রহমান সেলিম রেজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিন বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন ঝুলে থাকার বিষয়ে জানতে চাইলে দলটির নতুন এই যুগ্ম মহাসচিব বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অস্বীকারের উপায় নেই। এজন্য আমি দেশে ফিরেই বিএনপির নীতি-নির্ধারকদের সঙ্গে এ নিয়ে কথা বলব।”
সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত মেঝ মেয়ে সাবরিনা স্বর্ণার গ্র্যাজুয়েশন উপলক্ষে ৭ মে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে এসেছেন বিএনপির এই নেতা। স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে এমবিএ করলেন স্বর্ণা।
