২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাঙালি সংস্কৃতির ‘ওপেন হাউজ’

বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ‍দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ’ কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:25 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

শনিবার দূতাবাসের ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ বিভিন্ন দেশের কূটনীতিকসহ সাড়ে তিন হাজার মানুষ দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বলে দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “এশিয়া, আফ্রিকা, ওসেনিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও উত্তর আমেরিকার ৫০ দেশের কূটনীতিকরা সপরিবারে এতে অংশ নেন। সকলেই গভীর আগ্রহ নিয়ে বাঙালির উত্থান ও সমৃদ্ধির পথে এগিয়ে চলার কাহিনী শুনেছেন।”

স্বেচ্ছাসেবী সংস্থা ‘কালচারাল ট্যুরিজম ডিসি’র সহায়তায় নয় বছর ধরে বাংলাদেশ দূতাবাসে এ ‘ওপেন হাউজ’ অনুষ্ঠিত হচ্ছে বলে শামীম জানান।

Image
ওপেন হাউজে অংশ নেওয়া ভিনদেশি দর্শক

ওপেন হাউজে অংশ নেওয়া ভিনদেশি দর্শক

“বহুজাতিক সংস্কৃতির সঙ্গে সকলকে পরিচিত করার লক্ষ্যে নেওয়া মাসব্যাপী এ কর্মসূচিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাওয়ারনেস’ হিসেবে ঘোষণা করেছে।

অন্য দূতাবাসেও পর্যায়ক্রমে এই ‘ওপেন হাউজ’ অনুষ্ঠিত হবে বলে শামীম আহমেদ জানান।

অনুষ্ঠানের সব আয়োজনেই ছিল অতিথিদের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস; ছিল বাংলা গানের পরিবেশনা, চিত্র প্রদর্শনী ও ফ্যাশন শো। জনপ্রিয় বাহন ‘রিকশা’র উপস্থিতিও ছিল। অঙ্গনজুড়ে ছিল বাঙালি ঐতিহ্যের পোশাক ও খাবারের স্টল।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন অতিথিদের স্বাগত জানান। তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের জন্ম ও অগ্রগতি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান নিয়ে আলোচনা করেন।