২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে একমঞ্চে গাইবেন সাবিনা ও রুনা

যুক্তরাষ্ট্রে একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে ১৫ মে সন্ধ্যায় ‘রুনা-সাবিনা লাইভ ইন কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

বাংলা গানের দুই কিংবদন্তী শিল্পীকে নিয়ে বিশেষ এই আয়োজন করেছে উত্তর আমেরিকার বিনোদন সংস্থা ‘শো-টাইম মিউজিক’।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং কানাডায় বেশ কয়েক ডজন অনুষ্ঠান করেছি; ভারত বাংলাদেশের খ্যাতিমান অনেকেই এসেছেন সে সব অনুষ্ঠানে পারফর্ম করতে। কিন্তু সাবিনা ও রুনার এই অনুষ্ঠান ঘিরে প্রবাসের বিনোদনপ্রিয়দের মধ্যে যে ধরনের আগ্রহ আর উদ্দীপনা তৈরি হয়েছে, তা আগে কখনো ঘটতে দেখিনি।

“এমন দুজন শিল্পীকে একমঞ্চে গান গাওয়ার আয়োজন করতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। কারণ এর আগে বাংলাদেশের বাইরে এই দুজনকে কখনোই এক মঞ্চে দেখা যায়নি।”

কিংবদন্তী এই দুই শিল্পীর অনুষ্ঠান উপভোগের জন্য ক্যালিফোর্নিয়া, টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, বস্টন ও কানাডার বিভিন্ন স্থানের প্রবাসীরা আগ্রহ দেখাচ্ছে বলে জানান এই প্রবাসী।

আলম বলেন, “বম্বের এক সময়ের ‘হার্টথ্রব’ অভিনেত্রী রানী মুখার্জী ও কারিশমা কাপুরসহ অনেকে এসেছেন আমার শো-তে। কিন্তু এবার  অনুষ্ঠানটি করতে গিয়ে খুব সাড়া পেয়েছি।”

ওই দিন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। টিকিটের দাম ধরা হয়েছে ৫০, ৭৫ ও ১০০ ডলার করে। ভিআইপি টিকিটের দাম ১৫০ ডলার।

ওই দুই শিল্পী জনপ্রিয় সব গান একক ও যৌথভাবে পরিবেশন করবেন।