২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক খুনের বিচারের দাবি নিউ ইয়র্কে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার দ্রুত বিচার করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 01:02 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, বিচারহীনতার সংস্কৃতিই খুনি ও অপরাধীদের উসকে দিচ্ছে।

“ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে, তাদের হাতে এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক খুন হয়েছেন। একটিরও বিচার হয়নি। এখনও যদি অপশক্তি নির্মূলে দ্বিধা-দ্বন্দ্ব অব্যাহত থাকে, তাহলে কাউকেউ ওরা রেহাই দেবে না।”

জঙ্গি ও উগ্রবাদী সংগঠনগুলো নির্মূলে সরকারের আরও কঠোর অবস্থান দাবি করেন তিনি।

“সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি।২১ অগাস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ সভানেত্রীসহ শীর্ষ নেতাদের টার্গেট করা হয়েছিল। ১০ বছর পেরিয়ে গেছে, এর মধ্যে ৭ বছর ধরে আ.লীই ক্ষমতায়, তবু সেই ঘটনার বিচার হয়নি।”

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে।

মোটর সাইকেলে আসা দুই যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে পুলিশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এক ওয়েবসাইট। আইএসের দাবি উড়িয়ে দিলেও পুলিশ জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলেছে।

Image
বিক্ষোভ-সমাবেশে সব ধরণের ধর্মীয় সন্ত্রাস ও উগ্রবাদী হামলা বন্ধে পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয়। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিক্ষোভ-সমাবেশে সব ধরণের ধর্মীয় সন্ত্রাস ও উগ্রবাদী হামলা বন্ধে পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয়। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ওয়াহিদ জামান রাব্বির সভাপতিত্বে ‘ইউনাইট ফর জাস্টিস’ ব্যানারে এই সমাবেশ হয়।

কম্যুনিটি এক্টিভিস্ট মুজাহিদ আনসারী বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সন্ত্রাসী জনপদে পরিণত করার অপচেষ্টা চলছে।

“এ অবস্থাকে মেনে নেওয়া যায় না। অসাম্প্রদায়িক চেতনার সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে এ অপতৎপরতা রুখে দিতে হবে।”

কর্মসূচিতে সংহতি জানিয়ে আইনজীবী মুজিবর রহমান বলেন, মুক্তমনা লেখক ও ব্লগারসহ অসাম্প্রদায়িক চেতনার মানুষদের হত্যা করে পরে তা জায়েজ করতে হত্যাকারীরা নানান কৌশল নিচ্ছে।

“সহজ-সরল মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে ওরা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। সরকারকে কঠোর মনোভাব নিয়ে ওদের পরাস্ত করতে হবে।”