সিডনির এএনজেড স্টেডিয়ামে বৈশাখী মেলা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনি শহরে প্রবাসী সংগঠন আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে একটি স্টেডিয়ামে।
শনিবার সিডনির অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজন করে এই বৈশাখী মেলার। মেলাতে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরা বাহারি সাজের পোষাক পরে অংশ নেয়।
বৈশাখী মেলা উপলক্ষে বিশেষ এক ক্রোড়পত্রে অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, বিরোধী দলীয় নেতা বিল শর্টেন, নিউ সাউথ ওয়েলস স্টেটের প্রিমিয়ার মাইক বেয়ার্ডসহ অনেকে।
আবু জুবায়েরের ফেইসবুক পেইজ থেকে
প্রবাসীদের জন্য অবদান রাখার জন্য বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া বৈশাখী মেলা উপলক্ষে প্রতিবছর একটি প্রতিষ্ঠানকে 'বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড' প্রদান করে থাকে। এসবিএস রেডিওর বাংলা সার্ভিসকে এই বছর এই পুরস্কার দেওয়া হয়।
বঙ্গবন্ধু কাউন্সিলের সভাপতি শেখ শামিমুল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এসবিএস, অডিও অ্যান্ড ল্যাংগুয়েজেস কনটেন্ট বিভাগের পরিচালক ম্যানডি উইকস এবং বাংলা সার্ভিসের নির্বাহী প্রযোজক আবু রেজা আরেফিন।
মেলার জন্য বিশেষ শাটল ট্রেন-বাসের ব্যবস্থা করে সিডনির পরিবহন পরিদপ্তর ও আর সম্প্রচার সহযোগী ছিল স্থানীয় চ্যানেল নাইন টেলিভিশন।
স্টেডিয়াম কর্তৃপক্ষ ফ্রি ওয়াইফাই সুবিধার ব্যবস্থা রাখায় মেলার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন উল্লেখযোগ্য সংখক অংশগ্রহণকারী।
স্টেডিয়ামের ভেতর মূল মঞ্চে বৈশাখী আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, নাচ-গান, খণ্ড নাটক ইত্যাদি পরিবেশিত হয়। শুরুতে এবং শেষে সিডনির প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন। মাঝে অতিথি শিল্পী নচিকেতা গান শুনিয়েছেন দর্শকদের।
আবু জুবায়েরের ফেইসবুক পেইজ থেকে
অলিম্পিক পার্কে উপস্থিত হওয়া বিভিন্ন দেশের পর্যটকরা বাঙালির বর্ষবরণের হাসি ও আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। আয়োজনের শেষ ছিল বর্ণাঢ্য আতশবাজি।
২৩ বছর আগে অস্ট্রেলিয়ার এই বৈশাখী মেলা শুরু করেছিল বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া। ২০০৯ সাল থেকে ওই সংগঠনটি নতুন নাম 'বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া' নিয়ে মেলা পরিচালনা করে আসছে। ২০১৫ সালের মেলা অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক পার্কের টেনিস সেন্টারে।
