নেদারল্যান্ডসে বর্ষবরণ
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশটির প্রবাসীরা।
রোববার দেশটির দেন হাগ (দ্য হেগ) শহরে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল প্রবাসী শিল্পীদের সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদি। দ্বিতীয় পর্বে ছিল সামিনা চৌধুরীর পরিবেশনা।
সাতশ অতিথি শরিক হয়ছিলেন এই বর্ষবরণের আয়োজনে। নেদারল্যান্ডের প্রবাসী বাঙালীদের পাশাপাশি বেলজিয়াম, পোল্যান্ড, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আগত বাঙালিরা অংশ নেন।
রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল প্রবাসীদের স্থানীয়দের সঙ্গে মেলামেশার মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার মূলমন্ত্র ছড়িয়ে দেয়ার আহবান জানান। তিনি সবাইকে মনে করিয়ে দেন যে, আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস। আর স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের।
অনুষ্ঠানে প্রবাসী শিশুদের সাংস্কৃতিক উপস্হাপনায় বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকার প্রয়াস টের পাওয়া গেছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী সামিনা চৌধুরীর পরিবেশনা। তিনি তার পরিবেশনা দিয়ে উপস্থিতদের মুগ্ধ করেন।
প্রবাসীরা তাদের স্টলে পসরা সাজিয়েছিরেন নানা রকম পিঠা-পুলি ও খাবার দিয়ে। আর অতিথিদের মধ্যাহ্ন ভোজে ছিল রকমারী ভর্তা-ভাজি এবং মিষ্টি।
প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়াজেনারের মেয়র, হেগের ডেপুটি মেয়র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, ভারত, শ্রীলংকা, ইরান, তিউনিসিয়া, বসনিয়া ও হারজেগোভিনার রাষ্ট্রদূত এবং ক্রোয়েশিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, লুক্সেমবার্গসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
