২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে ‘উদ্ঘাটন হবে সব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 11:36 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

জয়ের বিষয়ে তথ্য পেতে এফবিআইয়ের এজেন্টকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের এক বিএনপি নেতার ছেলের রিজভী আহমেদ সিজারের কারাদণ্ডের রায়ের পর গত বছর ঢাকায় একটি মামলা হয়, যাতে শনিবার গ্রেপ্তার করা হয় শফিক রেহমানকে।

যুক্তরাষ্ট্রের ঘটনায় বিষয়টি প্রকাশ পেলেও দেশটিতে থাকা আওয়ামী লীগে নেতারা তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলছেন, জয়কে অপহরণের পর হত্যার এ ষড়যন্ত্রের ‘কলকাঠি নাড়ানো হয়েছে লন্ডন থেকে’।  

বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানের শাস্তি দাবি করে বিভিন্ন সংগঠনের বিবৃতিতে বলা হয়, “ধর্মের কল বাতাসে নড়ে। জয়কে হত্যার ষড়যন্ত্রে লিপ্তরা ফেঁসে গেছে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছে ষড়যন্ত্রের কয়েক হোতা।”

বিএনপি সমর্থক আরেকজন সাংবাদিক নেতাকেও তখন লন্ডন হয়ে নিউ ইয়র্কে আসা-যাওয়া করতে দেখা গেছে দাবি করে তারা বলেন, শফিক রেহমানকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য উদঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান এবং ‘ইউএস কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ’র চেয়ারপার্সন নূরন্নবী এবং সেক্রেটারি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান এবং সেক্রেটারি আব্দুর রহমান মামুন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান সাবু, ওহিদুর রহমান মুক্তা, শরাফ সরকার, জাহাঙ্গীর হোসেন, শামসুল আবদীন, আজহারুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম কলিন্স, মাসুদ হোসেন সিরাজি, জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com