সিডনিতে হয়েছে বৈশাখী মেলা
প্রবাসী সংগঠনের উদ্যোগে অস্ট্রেলিয়ার সবচাইতে জনবহুল শহরে বাঙালি মেতেছিল বর্ষবরণের মেলায়।
শনিবার বঙ্গবন্ধু পরিষদ সিডনির উদ্যোগে প্রবাসী বাঙালিদের প্রাণের ‘বৈশাখী মেলা’ বসেছিল শহরের টেম্পি পার্কে। ষোল বছরধরে বঙ্গবন্ধু পরিষদ মেলার আয়োজন করে আসছে।
মেলার আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বারও ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের সদ্স্য টনি বার্ক,ম্যাট থিসেলথওয়েইট,লরি ফারগুয়েশন, লিনডা বার্নি, ম্যারিকভিল সিটি কাউন্সিলের মেয়র স্যাম ইসকান্দার, ডেপুটি মেয়র রোজানা টেইলর, ক্যান্টারবারি সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর মরিস হান্না, রাজ দত্ত, মাসুদুল হকসহ অন্যান্যরা।
বঙ্গবন্ধু পরিষদ সিডনির সাধারণ সম্পাদক এবং মেলা কমিটির আহবায়ক গাউসুল আলম শাহজাদা ম্যারিকভিল সিটি কাউন্সিলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ভাষা,সাহিত্য,সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ক্যানবেরা আর মেলবোর্ন শহর থেকেও মেলায় যোগ দেন অনেক প্রবাসী। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও বৈশাখী সাজে সজ্জিত হয়ে মেলাতে অংশ নেন। মেলা প্রাঙ্গণে দেশীয় খাবার নিয়ে পাটি বিছিয়ে বসে অনেককে খেতেও দেখা যায়। আবার বলতে শোনা গেছে ‘মেরিকভিলের টেম্পি রিজার্ভ নয়,এ যেন প্রবাসে এক বাংলা মায়ের কোল।’
সঙ্গীত পরিবেশন করেন পিয়াসা বড়ুয়া,অভিজিত বড়ুয়া,রুহুল আমিন, অমিয়া মতিন প্রমুখ। নাচের পর্বে অর্পিতা সোম ও ঋতুপর্ণা আর সবশেষে ছিল স্থানীয় ব্যান্ড কৃষ্টি, স্পর্শ, লাল সবুজ ও ঐক্যতান।
বৈশাখী মেলা প্রাঙ্গণে ছিল বাঙালি খাবার এবং দেশীয় পোশাকের স্টল। পুরি,চটপটি, পেঁয়াজু, হালিম, জিলাপি, সিঙ্গারা বিরানি, রকমারি পিঠা ও মিষ্টির পাশাপাশি সালোয়ার কামিজ, জামদানি ও তাঁতের শাড়ির সমারোহ ছিল পোশাকের স্টলে।
মেলায় উপস্থিত ছিলেন প্রবাসী রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক আয়োজক, প্রবাসী সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
