কংগ্রেসনাল এশিয়ান ককাসের চেয়ারপারসন হলেন গ্রেস মেং
এশিয়ান-আমেরিকানদের অধিকার আদায়ে গঠিত ‘কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস লিডারশিপ প্যাক’ র চেয়ারপারসন হয়েছেন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্য গ্রেস মেং।
গত ১৩ এপ্রিল ওয়াশিংটনে এ নির্বাচন হয়। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এশিয়ান-আমেরিকান ১৪ কংগ্রেসম্যান হচ্ছেন এ সংস্থার সদস্য।
তাদের মধ্যে থেকেই ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান জুডি চু’র স্থলাভিষিক্ত হন গ্রেস মেং।
মার্কিন কংগ্রেসে এশিয়ানদের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং এশিয়ান-আমেরিকানদের অধিকার ও মর্যাদার ব্যাপারে এবং এশিয়ার দেশগুলোর কল্যাণে মার্কিন প্রশাসনকে অধিক মনোযোগী করার অভিপ্রায়ে এ সংস্থা কাজ করছে।
নবনির্বাচিত চেয়ারপারসন গ্রেস মেং বলেন, “আমাদেরও জায়গা রয়েছে মার্কিন কংগ্রেসহ প্রশাসনের সর্বস্তরে-এমন চেতনায় উদ্ভাসিত করতে হবে ‘এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স’ কমিউনিটিকে।”
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সিনেট ও কংগ্রেসে মোট ৪০ জন এশিয়ান লড়ছেন। এদের বিজয় নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন গ্রেস মেং।
নিউ ইয়র্কের কুইন্স এবং ফ্লাশিং এলাকায় বাংলাদেশি ও চীনাদের বিপুল সমর্থনে কংগ্রেসওম্যান নির্বাচিত হয়েছেন গ্রেস মেং। এটি তার দ্বিতীয় মেয়াদ। নভেম্বরের নির্বাচনেও লড়ছেন তিনি।
নিউ ইয়র্ক রাজ্য থেকে নির্বাচিত প্রথম এশিয়ান কংগ্রেসওম্যান গ্রেস মেং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য।
