দুই মন্ত্রী-দেশের পরিস্থিতি নিয়ে খেদ প্রকাশে যুক্তরাষ্ট্র আ. লীগ সভাপতিকে অব্যাহতির দাবি
আদালত অবমাননায় দণ্ডিত দুই মন্ত্রীর পদত্যাগ না করা, কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার নিয়ে প্রধান বিচারপতির বক্তব্য এবং কেন্দ্রীয় ব্যাংকসহ বাংলাদেশের আর্থিক খাত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে অব্যাহতি দিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবি জানিয়েছেন একদল নেতাকর্মী।
এসব বক্তব্যের মধ্য দিয়ে সিদ্দিকুর মূলত বিএনপি-জামায়াতে ইসলামীর হয়ে ‘কাজ করছেন’ বলে অভিযোগ তাদের।
‘যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার’ ব্যানারে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেনে একটি প্রতিবাদ সভা থেকে সিদ্দিকুরকে দল থেকে অব্যাহতির দাবি জানানো হয়।
বক্তাদের অভিযোগ, গত ৫ এপ্রিল রাতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই মন্ত্রী, প্রধান বিচারপতি ও দেশের পরিস্থিতি নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেন সিদ্দিকুর রহমান।
আদালত অবমাননায় দণ্ডিত হওয়ার পরেও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্বপদে থাকা নিয়ে সিদ্দিকুর বলেন, “আমি যদি মন্ত্রী হতাম, আমি হয়তো ছেড়ে (পদত্যাগ) দিতাম। কিন্তু এখন যারা মন্ত্রী আছেন সেটি (পদত্যাগ) তাদের ব্যাপার। বাংলাদেশ একটি নিয়মের মধ্য দিয়ে চলে। যদি বেআইনি হয় তাহলে তো কেউই থাকতে পারবে না। তবে এর আগেও বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। তখনও মন্ত্রীরা পদত্যাগ করেননি।”
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে তিনি বলেন, “আমাদের সকলের দাবি হওয়া উচিত, রিজার্ভ চুরির ঘটনায় দেশের কেউ যদি জড়িত থেকে থাকে তাহলে তাকে/তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়ার কথা তুলে ধরে সিদ্দিকুর রহমান বলেন, “আমি ঢাকা থেকে ৩১ মার্চ ফিরেছি। ঢাকায় দেখে এসেছি বাংলাদেশ ব্যাংকের অবস্থা। বাংলাদেশ ব্যাংকেরই যদি এমন (নাজুক) অবস্থা হয়, তাহলে প্রাইভেট ব্যাংক, পাবলিক ব্যাংকগুলোর অবস্থা কী? তাহলে মানুষের বিশ্বাসটা কোথায় থাকবে?”
তনু হত্যার বিচার নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার মন্তব্য নিয়ে তিনি বলেন, “মাঝে মাঝে হাসি লাগে, দেখেন, প্রধান বিচারপতি, উনি একটা কমেন্ট করে বসলেন। আমাদের দেশটা এরকমই, এ নিয়েই আমাদের চলতে হবে। উনি (প্রধান বিচারপতি) কী বললেন? যে বর্তমান আইনে (তনু হত্যার) বিচার করা যাবে না। কেন উনি এমন কথা বললেন? উনি হলেন চিফ জাস্টিস, তার কাজটা কী? এটি কি তার কাজ?”
বাংলাদেশে সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড নিয়ে সিদ্দিকুর রহমান বলেন, “আমরা ৬ মাস আগে দেখলাম পরপর দুইজন বিদেশিকে মারা (হত্যা) হলো। এখন কিন্তু আর মরতেছে না। তারপর দেখা গেল শিশুদের হত্যা করার একটা প্রবণতা। এখন দেখা যাচ্ছে, ধর্ষণের পর হত্যা। এসব ঘটনাকে স্বাভাবিকভাবে দেখলে হবে না।”
দেশে সুষ্ঠু রাজনীতির অভাবে এমন সব ঘটছে বলে মনে করেন কি না জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, “অনেক কিছুরই অভাব। খালি সুষ্ঠু রাজনীতি নয়, সামাজিক ব্যবস্থা, সুশাসন। তবে যারা জনগণ, তাদেরও দায়িত্ব আছে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতির এসব বক্তব্যের প্রতিবাদ জানাতে আয়োজিত ওই সভা পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার।
তিনি বলেন, “সিদ্দিকুর রহমানের বক্তব্যে অনুধাবন করা যায় যে, তিনি বিএনপি-জামাত-শিবিরের পারপাস সার্ভ করছেন। প্রধান বিচারপতির দক্ষ নেতৃত্বে একাত্তরের ঘাতকদের বিচার চলছে- এটি যাদের সহ্য হচ্ছে না, তাদের পক্ষেই ড. সিদ্দিকসহ কেউ কেউ কাজ করছেন।”
সভার সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান সাবু বলেন, “বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কটাক্ষ করতে কার্পণ্য করেননি ড. সিদ্দিক। শুধু তাই নয়, জনৈক সাংবাদিক বাংলাদেশের প্রধান বিচারপতিকে এ যাবৎকালের ‘নিকৃষ্টতম’ হিসেবে উল্লেখ করেছেন। এরপর ড. সিদ্দিক একইভাবে আরো তুচ্ছ্-তাচ্ছিল্য ভাব দেখিয়েছেন, যা বিচার ব্যবস্থার বিরুদ্ধে গেছে এবং বিচারপতির যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।”
সমাবেশে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য সরাফ সরকার, ওহিদুর রহমান মুক্তা, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান এবং সেক্রেটারি আব্দুর রহমান মামুন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি এবং আমিনুল ইসলাম কলিন্স, আওয়ামী লীগ নেতা ওয়ালি হোসেন, নূরুল আফসার সেন্টু, আজহারুল হোসেন লিটন, আলমগীর ভূইয়া, মহিউদ্দিন মাহী, শ্রমিক লীগ নেতা রুহেল চৌধুরী, মতিন পারভেজ বক্তব্য রাখেন।
