পান্তা-ইলিশের আয়োজন নিউ ইয়র্কেও
শিকার নিষিদ্ধ সময়ে বাংলাদেশে অনেকের বৈশাখের আয়োজনে ইলিশ বাদ পড়তে চললেও যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের আয়োজনে থাকছে জাতীয় মাছ।
বাংলা বর্ষবরণের আগে যখন ইলিশের দাম অনেক চড়েছে, নিউ ইয়র্কে তখন উল্টোচিত্র। সেইসঙ্গে কমানো হয়েছে কালিজিরা ও কাটারিভোগ চালের দামও।
“পান্তার সঙ্গে ইলিশ ভাজা আর ভর্তা দিয়ে খাবার মজাই আলাদা,” বলেন নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ চেইন স্টোর ‘মান্নান সুপার মার্কেট’র মালিক সাঈদ মান্নান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে নওগাঁয় গিয়ে সরাসরি কৃষকের কাছে থেকে তিনিই কালিজিরা চাল আমদানি করেছেন।
জ্যাকসন হাইটসের মান্নান সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশের দাম ১২.৯৯ ডলার (১০৪০ টাকা)। কদিন আগেও এর দাম ছিল ১৬.৯৯ ডলার।
অন্য সাইজের ইলিশের দামও আনুপাতিক হারে কমেছে।
সাঈদ মান্নান বলেন, “প্রচুর ইলিশ রয়েছে আমার কাছে। তাই প্রবাসীদের নববর্ষ আয়োজনের সুবিধার্থে ইলিশের মূল্য কমিয়েছি।”
বাংলা নতুন বছরকে বাঙালি আমেজে বরণের প্রস্তুতি চলছে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত সব এলাকায়।
সবচেয়ে বড় এবং ব্যয়বহুল অনুষ্ঠানের প্রস্তুতি চলছে নিউ ইয়র্কে। জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড ও ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় কয়েক হাজার বাঙালির সমাগমে পান্তা-ইলিশের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।
