২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মুক্তধারার এবারের বইমেলা শুরু ২০ মে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবারের ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’র ২০ মে থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 12:35 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

তিন দিনব্যাপী এই উৎসব ও মেলা সাহিত্যিক সেলিনা হোসেন উদ্বোধন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আয়োজকরা।

তারা জানান, নন্দিত এই কথাসাহিত্যিক ‘লেখক ও শিল্পীদের সামাজিক দায়িত্ব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া মেলার নিয়মিত আয়োজন ‘মুখোমুখি’ এবং একাধিক সেমিনারে অংশ নেবেন।

এ বছর মেলার ২৫তম বার্ষিকী। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে অন্যতম বড় এই আয়োজন অন্য ভাষাভাষীদের মাঝেও বিস্তৃত করার প্রয়াস চলছে বলেও জানান আয়োজকরা।

এছাড়া তিনদিনের উৎসবের বিভিন্ন পর্বে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন খ্যাতিমান লেখক-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে আয়োজকদের নিশ্চিত করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তার নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। আর কানাডা থেকে বাংলা একাডেমির ওয়ালিউল্লাহ পুরস্কার বিজয়ী কবি-কথা সাহিত্যিক ইকবাল হাসান ও জার্মানি থেকে কবি-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী অংশ নিচ্ছেন।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখার্জী ও শিল্পী নাহিদ নাজিয়া অনুষ্ঠানে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন। এছাড়া শিল্পী সামিনা চৌধুরী এবং অণিমা রায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।