তনু হত্যার বিচার চেয়ে নিউ ইয়র্কে মানববন্ধন
কুমিল্লা সেনানিবাসের ভেতরে কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় রোববার স্থানীয় সময় বিকালে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট নামে প্রবাসীদের একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি শাহ শহীদুল হক সাইদ বলেন, সেনানিবাসের মতো সংরক্ষিত জায়গায় একজন ছাত্রীকে পাশবিক অত্যাচার করে হত্যা করা কীভাবে সম্ভব।
“তনু হত্যার সঙ্গে কে বা কারা জড়িত তা অবশ্যই সেনাবাহিনীকে খুঁজে বের করতে হবে। এ হত্যার সঙ্গে জড়িতদের সাত দিনের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।”
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ১৬৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি।
অন্যদের মধ্যে সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কাজী ফওজিয়া, হাকিকুল ইসলাম খোকন, আবু তালেব চৌধুরী চান্দু, আকতার হোসেন, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, খান শওকত, হেলাল মাহমুদ, সালমা খান ও দেওয়ান আশরাফ এসময় বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি, যুক্তরাষ্ট্র যুবলীগ ও মানবাধিকার সংস্থা ‘দেশিজ রাইজিং আপ এ্যান্ড মুভিং’- ড্রাম এর প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি জানান।
