প্রাণের গানে নিউ ইয়র্ক মাতালেন শিল্পী মুত্তালিব
একক সঙ্গীত সন্ধ্যায় বাঙালির প্রাণের গানের ডালি উজার করে দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রোতাদের মাতালেন শিল্পী মুত্তালিব বিশ্বাস।
প্রবাসীদের আয়োজনে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ার ক্লাব সনমে ‘জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি’ শিরোনামে এই জলসা বসে।
এতে পুরনো দিনের বাংলা গান, পল্লীগীতি, নজরুলগীতি, রবীন্দ্র সংগীত এবং রজনীকান্ত ও লালনের গানসহ ৫০টির বেশি গান পরিবেশন করেন এই শিল্পী।
শুরুতে শিল্পী নিজেই প্রদীপ জ্বালিয়ে সংগীত সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তাকে পরিচয় করিয়ে দেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ। পরে শিল্পীকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তার সঙ্গে থাকা যন্ত্রকুশলী পিনাকিপানি গোস্বামী, শহীদ উদ্দিন ও কেতকী বিশ্বাসকেও শুভেচ্ছা জানানো হয়।
পশ্চিববঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেওয়া ৮১ বছর বয়সী এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে স্নাতকোত্তর শেষে শিল্পকলা একাডেমিতে কাজ করেছেন অনেকদিন।
নিউ ইয়র্ক: মুত্তালিব বিশ্বাসকে ক্রেস্ট দিয়ে সম্মান জানাচ্ছেন প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তিনি বলেন, “আধুনিক গানের উৎপত্তি ভারত হলেও এর সঙ্গে যারা জড়িত তাদের প্রায় সকলেই তদানীন্তন পূর্ব বাংলার সন্তান। তাই অত্যন্ত জোর দিয়ে দাবি করতে পারি, জনপ্রিয় সব আধুনিক গানেরও জনক বাংলাদেশের বাঙালিরাই।”
কানায় কানায় পরিপূর্ণ মিলনায়তনে শিল্পীর উপস্থাপনা প্রবাসীদের মন্ত্রমুগ্ধ করে, যার রেশ মিলে অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানের বক্তব্যেও।
“সচরাচর দেখেছি অনুষ্ঠান শুরুর পর ক্রমান্বয়ে দর্শক হ্রাস পায়, আজকের অনুষ্ঠানে উল্টোটা ঘটলো।”
গভীর রাত পর্যন্ত চলা সংগীত সন্ধ্যায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
