২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে নিহত শ্রমিক মোশারফের পরিবার ক্ষতিপূরণ পাবে

আট বছর আগে নিউ ইয়র্কের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নিহত বাংলাদেশি শ্রমিক মোশারফ হোসেনের পরিবারকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রুকলিনের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 12:19 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

সোমবার বিচারক জন জে কেলি ভবনটির নির্মাণ প্রতিষ্ঠানকে এ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

২০০৮ সালের ২ জুন ব্রুকলিনের ৭৮৯ সেন্ট মার্কস এভিনিউর একটি বহুতল ভবনের চারতলা থেকে পড়ে গুরুতর আহত হন মোশারফ হোসেন (৫০)। ২৪ দিন পর কিংস কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোশারফের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুর গ্রামে।

ওই ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দেয় ‘অক্যুপেশনাল সেইফটি অ্যান্ড হেলথ এডমিনিস্ট্রেশন’। এরপর আদালত নির্মাতা প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে এবং জুরিদের ক্ষতিপূরণ নির্ধারণ করতে বলে।

ছয় সদস্যের জুরিবোর্ড ক্ষতিপূরণ হিসেবে এক দশমিক ৯ মিলিয়ন ডলার নির্ধারণ করে। এর সঙ্গে ৯ শতাংশ সুদ ও নিহতের পরিবারকে প্রাত্যহিক ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেওয়া হয়।

সবমিলিয়ে নিহতের পরিবার মোট আড়াই মিলিয়ন ডলার (২০ কোটি টাকা) ক্ষতিপূরণ পাবে বলে বাদীপক্ষের আইনজীবী অ্যাটর্নি পেরি ডি সিলভা জানিয়েছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষতিপূরণের অর্থ নিহতের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের ব্যাংক হিসাবে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

“মোশারফের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা চলছে। তারা যদি ভিসা না পান তাহলে বাংলাদেশে তাদের ব্যাংক হিসাবে সব অর্থ জমা করা হবে।”

মামলায় পেরির সহকারি ছিলেন বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ নজমুল চৌধুরী।