২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সব মামলা প্রত্যাহার চায় যুক্তরাষ্ট্র বিএনপি

খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নিউ ইয়র্কের ব্রুকলিনে সমাবেশ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 04:50 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

রোববার রাতে এ সমাবেশে সভাপতিত্ব করেন ব্রুকলিনন বরো বিএনপির সভাপতি আলহাজ্ব কামালউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, “রাষ্ট্র পরিচালনায় চরমভাবে ব্যর্থ শেখ হাসিনা এবং তার সরকারের পদত্যাগের বিকল্প নেই। এ দাবি আদায়ের জন্যে সবাইকে ওয়ান-ইলেভেনের চেতনায় দুর্বার আন্দোলন শুরু করতে হবে এই নিউ ইয়র্ক থেকেই।”

মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “হরিলুটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশকে। অপশাসন আর দুঃশাসনের যাঁতাকল থেকে মানুষ মুক্তি চাচ্ছে। আর এ মুক্তি সম্ভব কেবলমাত্র শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণের মধ্য দিয়ে।”

বিশেষ বক্তা কাজী আজম বলেন, “গুম, খুন আর গ্রেপ্তার-নির্যাতনের মাধ্যমে অতীতেও কারও পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। এখনও হবে না।”

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ব্রুকলিনন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেক আকন্দ, বিএনপি নেতা আবুল হাশেম, নাসিম আহমেদ, আলহাজ্ব গোলাম হোসেন, সৈয়দা মাহমুদা শিরিন এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।

সমাবেশে অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের জন্যও কেন্দ্রীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলাকে ‘রাজনৈতিক মতলববাজির নগ্ন বহিঃপ্রকাশ’ আখ্যায়িত করেছেন ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের’ প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ।

সোমবার এক বিবৃতিতে তিনি অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করার আহবান জানান।